পোলাও চালের অস্বাভাবিক দাম বাড়ার কারণ কী

পোলাও চালের অস্বাভাবিক দাম বাড়ার কারণ কী
ছবি: সংগৃহীত

একদিকে সুগন্ধি চালের উৎপাদন বাড়ছে, অন্যদিকে কেজিপ্রতি দাম উঠেছে ২০০ থেকে ২৩০ টাকায়। কয়েক মাসের ব্যবধানে পোলাওর চালের এমন অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতা থেকে শুরু করে হোটেল-রেস্তোরাঁর মালিকরা। বাজারে দাম বাড়ার পেছনে ব্যবসায়ীদের একাংশ দায়ী করছেন সুগন্ধি চাল রপ্তানির অনুমোদনকে। আবার কারো অভিযোগ, বড় চালকল ও করপোরেট প্রতিষ্ঠানগুলোর মজুতদারি এবং সরবরাহ নিয়ন্ত্রণের কারণে তৈরি হয়েছে কৃত্রিম সংকট।

তবে উৎপাদনের তুলনায় অভ্যন্তরীণ চাহিদা কম এবং রপ্তানির পরিমাণও অনুমোদিত কোটার তুলনায় অনেক কম হওয়ায় মূল্যবৃদ্ধির পুরো দায় রপ্তানির ওপর চাপাতে নারাজ সংশ্লিষ্টরা। ফলে প্রশ্ন উঠেছে, উৎপাদন বাড়ার পরও পোলাওর চালের বাজারে এই অস্থিরতার নেপথ্যে আসলে কী?

বিজ্ঞাপন

রাজধানীর বাজারে বর্তমানে ভালো মানের খোলা পোলাওর চাল বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৮০ থেকে ১৯০ টাকায়। নিম্নমানের চালের দামও ১৬০ টাকার আশপাশে। অন্যদিকে বিভিন্ন ব্র্যান্ডের প্যাকেটজাত চিনিগুঁড়া ও কালিজিরা চাল কিনতে হচ্ছে ২১০ থেকে ২৩০ টাকায়। প্যাকেটজাত চাষী, প্রাণ ও এসিআই ব্র্যান্ডের সুগন্ধি চালের কেজি এখন এই দামে বিক্রি হচ্ছে।

অক্টোবরের তুলনায় এই বৃদ্ধি প্রায় ৫০ থেকে ৫৩ শতাংশ। গত কয়েক মাসে কোনো কোনো প্যাকেটজাত চালের দাম কেজিতে ৮০ থেকে ৯০ টাকা পর্যন্ত বেড়েছে। তবে নভেম্বরের তৃতীয় সপ্তাহে খোলা চালের দামে কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। দুই মাস আগেও এই চালের দাম কেজিপ্রতি ২০০ টাকা ছাড়িয়েছিল।

রপ্তানির অনুমোদন বেড়েছে বাস্তব চালান কম

রপ্তানির পরিসংখ্যান পর্যালোচনা করলে দেখা যায়, এক সময় বাংলাদেশের সুগন্ধি চালের বিদেশি বাজারে ভালো অবস্থান ছিল। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০১৯-২০ অর্থবছরে এ খাত থেকে আয় হয়েছিল ২৮ লাখ ৮০ হাজার ডলার। পরের অর্থবছরে তা কমে দাঁড়ায় ২০ লাখ ৬০ হাজার ডলারে। ২০২১-২২ অর্থবছরে রপ্তানি আয় আরো কমে হয় ১০ লাখ ৭০ হাজার ডলার। এরপর ২০২২-২৩ অর্থবছরে রপ্তানি নিষেধাজ্ঞার কারণে কার্যক্রম বন্ধ হয়ে যায়। ওই অর্থবছরে রপ্তানি আয় ছিল মাত্র ৬০ হাজার ডলার।

অন্যদিকে, উৎপাদন বাড়ায় রপ্তানির সুযোগ চেয়ে আসছিলেন ব্যবসায়ীরা। এর পরিপ্রেক্ষিতে ২০২৫ সালে সরকার কয়েক দফায় সুগন্ধি চাল রপ্তানির অনুমতি দেয়। গত অর্থবছরে ২৩ হাজার ৯৫৯ টন চাল রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছিল বলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের তথ্য। চলতি ২০২৬-২৭ অর্থবছরে ১৩ মে প্রথম দফায় ২১১টি এবং পরে আরো ৬৭টি প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হয়। সব মিলিয়ে ২৭৮ প্রতিষ্ঠানের জন্য ৪৫ হাজার ২৭০ টন চাল রপ্তানির অনুমোদন দেয় বাণিজ্য মন্ত্রণালয়। অর্থাৎ আগের অর্থবছরের তুলনায় অনুমোদিত পরিমাণ প্রায় দ্বিগুণ।

তবে অনুমোদন পেলেই পুরো চাল রপ্তানি হয়েছে, এমন নয়। বাণিজ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গত ৩০ আগস্ট পর্যন্ত ২৪১৯.৪৩ টন সুগন্ধি চাল রপ্তানি করতে পেরেছে। অর্থাৎ প্রাথমিকভাবে অনুমোদিত পরিমাণের মাত্র ৫.৩ শতাংশের মতো বাস্তবে রপ্তানি হয়েছিল। বাকি প্রতিষ্ঠানগুলোর পূর্ণাঙ্গ হিসাবও তখন মন্ত্রণালয়ের হাতে ছিল না।

বাজারে মূল্যবৃদ্ধির চাপ বাড়তে থাকায় ৮ সেপ্টেম্বর রপ্তানির অনুমোদিত কোটা অর্ধেক কমিয়ে দেয় সরকার। ফলে ৪৫ হাজার ২৭০ টনের পরিবর্তে সংশোধিত হিসাবে সর্বোচ্চ ২২ হাজার ৬৩৫ টন চাল রপ্তানির সুযোগ রাখা হয়। অনুমোদনের মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল রাখা হয়েছে। একই সঙ্গে প্রতি কেজি চালের সর্বনিম্ন এফওবি রপ্তানিমূল্য ১.৬০ ডলার নির্ধারণসহ নজরদারি ও জবাবদিহির জন্য ১০টি শর্ত আরোপ করা হয়েছে।

উৎপাদন বাড়লেও কেন সংকট

খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশে সুগন্ধি চালের উৎপাদন ২০১৭-১৮ অর্থবছরের ৫ লাখ ৭৯ হাজার টন থেকে বেড়ে ২০২৩-২৪ অর্থবছরে ১০ লাখ ২৩ হাজার টনে দাঁড়ায়। অর্থাৎ সাত বছরের ব্যবধানে উৎপাদন প্রায় দ্বিগুণ হয়েছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) হিসাবে, দেশে বর্তমানে ৩৩ ধরনের সুগন্ধি ধানের আবাদ হচ্ছে। তুলনামূলক বেশি দাম পাওয়ায় কৃষকরাও এসব জাতের ধান চাষে আগ্রহী হয়ে উঠেছেন।

বাংলাদেশ রাইস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহ আলম আমার দেশকে বলেন, দেশে বছরে অন্তত ১০ লাখ টন সুগন্ধি চাল উৎপাদিত হয়। অভ্যন্তরীণ চাহিদা প্রায় চার লাখ টন। ফলে উদ্বৃত্ত থাকে প্রায় ছয় লাখ টন। তার মতে, উদ্বৃত্তের সামান্য অংশ রপ্তানি হওয়ায় দেশের বাজারে সরবরাহ সংকট তৈরির যৌক্তিকতা নেই। বরং রপ্তানির সুযোগ বন্ধ থাকলে কৃষক ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হবেন।

তিনি বলেন, বাজারে বর্তমানে যে দামে পোলাওর চাল বিক্রি হচ্ছে তার কোনো যৌক্তিকতা নেই। এত দাম বাড়ার কোনো কারণ আছে বলে মনে করি না। এ বিষয়ে বাণিজ্য ও খাদ্য মন্ত্রণালয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যকর বাজার তদারকি ব্যবস্থা গ্রহণ করলে পোলাও চালের দামের অস্থিরতা বন্ধ করা সম্ভব।

তবে বাজারসংশ্লিষ্ট অন্যদের মতে, উৎপাদনের সামগ্রিক হিসাব দিয়ে বাজারের প্রকৃত সরবরাহ পরিস্থিতি বোঝা সম্ভব নয়। উৎপাদিত ধানের কতটা চাল হিসেবে বাজারে এসেছে, কতটা মজুত রয়েছে এবং কোন সময়ে কী পরিমাণ সরবরাহ হচ্ছে—এসব তথ্যও গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমন মৌসুমের ধান বাজারে আসার পরও দাম না কমায় মজুত ও বিপণনব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

মজুতদারি ও বাজার নিয়ন্ত্রণের অভিযোগ

ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, বড় চালকল ও করপোরেট প্রতিষ্ঠানগুলো উৎপাদন মৌসুমে বিপুল পরিমাণ ধান কিনে গুদামজাত করেছে। পরে ধানের দাম বৃদ্ধির অজুহাতে চালের দাম বাড়ানো হয়েছে। আবার রপ্তানির অনুমোদনের খবর ছড়িয়ে পড়ায় বাজারে ভবিষ্যতে সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। সেই সুযোগে কিছু ব্যবসায়ী আগেভাগেই দাম বাড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান আমার দেশকে বলেন, সুগন্ধি চাল রপ্তানিকে মূল্যবৃদ্ধির প্রধান কারণ হিসেবে দেখার সুযোগ নেই। উৎপাদনের তুলনায় অভ্যন্তরীণ চাহিদা কম থাকায় দেশে পর্যাপ্ত উদ্বৃত্ত থাকার কথা। ব্যবসায়ীদের একটি অংশ রপ্তানির বিষয়টিকে অজুহাত বানিয়ে বাড়তি মুনাফা করছে। পরিবহন ও জ্বালানি ব্যয় বৃদ্ধির যুক্তিও গ্রহণযোগ্য মনে করি না। কারণ, এসব ব্যয় বাড়লে অন্যান্য চালের দামেও একই ধরনের প্রভাব পড়ার কথা।

তিনি বলেন, করপোরেট পুঁজিবাদীরা ধানের মৌসুমে বিপুল পরিমাণ ধান ক্রয় করে বাজার অস্থিতিশীল করে তোলে। সাধারণ ভোক্তাদের পকেট কাটার জন্য করপোরেট প্রতিষ্ঠানগুলো মজুত করে বাজারে সংকট সৃষ্টি করে।

এদিকে, রপ্তানির অনুমতি পাওয়া প্রতিষ্ঠানগুলো নির্ধারিত পরিমাণ চাল কোথায় মজুত রেখেছে, তা খতিয়ে দেখছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলোর মজুত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। অবৈধ মজুতের প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

প্যাকেটজাত চালে বাড়তি দামের চাপ

পোলাওর চালের বাজারে সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছে প্যাকেটজাত পণ্যের দাম নিয়ে। খোলা বাজারে নিম্নমানের সুগন্ধি চাল ১০০ থেকে ১৬০ টাকায় পাওয়া গেলেও পরিচিত ব্র্যান্ডের প্যাকেটজাত চালের দাম ২৩০ টাকা পর্যন্ত। চাষি, প্রাণ, রূপচান্দা, পুষ্টি ও ফ্রেশের মতো প্রতিষ্ঠানের পণ্য বাজারে বেশি বিক্রি হচ্ছে। গত সাত-আট মাসে এসব চালের কোনো কোনো ব্র্যান্ডের দাম কেজিতে ৮০ থেকে ৯০ টাকা বেড়েছে। অথচ একই সময়ে নিম্নমানের খোলা চালের দাম বেড়েছে প্রায় ২০ টাকা।

দামের এই ব্যবধানের পেছনে উৎপাদন ব্যয়, প্যাকেটজাতকরণ, বিপণন ও ব্র্যান্ডমূল্যের ভূমিকা কতটা, তা নিয়েও প্রশ্ন রয়েছে। পাশাপাশি বাজারে চিনিগুঁড়ার নামে অন্য জাতের সরু চাল মিশিয়ে বিক্রির অভিযোগও উঠেছে। এতে প্রকৃত সুগন্ধি চালের মান ও ভোক্তার স্বার্থ—দুটিই ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, পোলাওর চালের বাজারে অস্থিরতার জন্য শুধু রপ্তানিকে দায়ী করা যাচ্ছে না। আবার রপ্তানির অনুমোদন বাজারে কোনো মনস্তাত্ত্বিক প্রভাব ফেলেনি, এমন দাবিও উপেক্ষা করা কঠিন। উৎপাদন, প্রকৃত রপ্তানি, মজুত এবং বাজারে সরবরাহের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশের পাশাপাশি বড় মিল ও ব্র্যান্ডগুলোর মূল্য নির্ধারণ প্রক্রিয়া তদারক করা জরুরি। তা না হলে উৎসব কিংবা পারিবারিক আয়োজনে এক সময়ের পরিচিত খাবার পোলাও ক্রমেই সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যেতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...