দক্ষ জনবল সংকটে বীমা খাত

দক্ষ জনবল সংকটে বীমা খাত
আমার দেশ গ্রাফিক্স

দক্ষ ও প্রশিক্ষিত জনবলের তীব্র সংকটে ভুগছে দেশের বীমা খাত। দীর্ঘদিন ধরে প্রাতিষ্ঠানিক অবহেলা, কারিগরি দক্ষতার ঘাটতি এবং পর্যাপ্ত পেশাদার জনবলের অভাবে কাঙ্ক্ষিত গতি পাচ্ছে না এই খাত। সংশ্লিষ্টরা জানান, দক্ষ জনবল ছাড়া বীমা খাতে সুশাসন, আর্থিক স্বচ্ছতা ও গ্রাহকের আস্থা প্রতিষ্ঠার লক্ষ্য অর্জন কঠিন।

খাত সংশ্লিষ্টদের মতে, বীমা খাতের অন্যতম প্রধান সংকট হলো অ্যাকচুয়ারি স্বল্পতা। ঝুঁকি মূল্যায়ন, প্রিমিয়াম হার নির্ধারণ এবং দায় ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ কাজে অ্যাকচুয়ারিদের ভূমিকা অপরিসীম হলেও দেশে প্রয়োজনীয় সংখ্যক অ্যাকচুয়ারি নেই। ফলে পলিসির নকশা প্রণয়ন থেকে শুরু করে দীর্ঘমেয়াদি আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা নিয়ে নানা জটিলতা তৈরি হচ্ছে।

বিজ্ঞাপন

পাশাপাশি বীমা প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ে কর্মরতদের শিক্ষাগত যোগ্যতা ও কারিগরি জ্ঞান নিয়েও প্রশ্ন উঠছে। অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ও বিশেষায়িত দক্ষতা ছাড়াই জনবল নিয়োগ বা পদায়নের ফলে কাজের মান ও সেবার গতি ব্যাহত হচ্ছে। আধুনিক তথ্যপ্রযুক্তি, ঝুঁকি ব্যবস্থাপনা এবং গ্রাহকসেবায় প্রশিক্ষিত ও পেশাদার জনবলের ঘাটতি খাতটির সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বিশেষজ্ঞরা মনে করেন, দাবি নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা, আস্থার সংকট এবং অনিয়ম রোধ করতে হলে বীমা খাতে দক্ষ মানবসম্পদ উন্নয়নে জোর দিতে হবে। এজন্য নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম জোরদার, অ্যাকচুয়ারি পেশায় উৎসাহ ও সুযোগ সৃষ্টি এবং যোগ্যতার ভিত্তিতে জনবল নিয়োগ ও ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি। তা না হলে প্রতিযোগিতামূলক বাজারে বীমা খাতের টেকসই প্রবৃদ্ধি ও গ্রাহকের আস্থা ফেরানো কঠিন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, দেশে বর্তমানে চারজন অ্যাকচুয়ারি, চার্টার্ড ইনস্যুরেন্স ইনস্টিটিউটের (এফসিআইআই) ফেলোশিপধারী তিনজন এবং অ্যাসোসিয়েট সদস্য (এসিআইআই) ১৮ জন রয়েছেন। বিশেষজ্ঞদের মতে, অ্যাকচুয়ারিরা বীমা কোম্পানির আর্থিক স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা বীমা পণ্যের প্রিমিয়াম নির্ধারণ, ভবিষ্যৎ ঝুঁকি মূল্যায়ন, পলিসির বিপরীতে আর্থিক সংস্থান নিরূপণ এবং কোম্পানির দীর্ঘমেয়াদি দায় বিশ্লেষণ করেন। এ ধরনের পেশাদার জনবলের ঘাটতি থাকলে বীমা কোম্পানির আর্থিক পরিকল্পনা ও ঝুঁকি ব্যবস্থাপনায় দুর্বলতা তৈরি হওয়ার আশঙ্কা থাকে।

এদিকে বীমা খাতের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছে নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। বীমা খাতের সুশাসন এবং হাজার হাজার কোটি টাকার পলিসি হোল্ডারদের তহবিল সুরক্ষায় যোগ্য ও দক্ষ প্রধান আর্থিক কর্মকর্তা বা সিএফও নিয়োগের কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মীর নাদিয়া নিভীন। তিনি বলেন, শীর্ষস্থানীয় কোম্পানি এবং বাকিদের মধ্যে মূল পার্থক্য কেবল একটি পজিশনেই, আর তা হলো দক্ষ ও অ্যাক্রেডিটেড সিএফও।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি বীমা কোম্পানির শীর্ষ কর্মকর্তা জানান, বীমা খাতে প্রশিক্ষিত ও পেশাদার জনবলের ঘাটতি একটি বড় চ্যালেঞ্জ। কখনো কখনো শীর্ষপর্যায়ের কর্মকর্তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন ওঠে। এ খাতে আরো দক্ষ ও পেশাদার মানবসম্পদ গড়ে তোলা প্রয়োজন।

নতুন করে শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়েও অনিয়মের বিষয়টি সামনে এনেছে আইডিআরএ। এর আগে ২০২৫ সালের ৮ মে আইডিআরএ এক নির্দেশনায় জানায়, বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ ও অনুমোদনের জন্য জমা দেওয়া কিছু শিক্ষাগত সনদ যাচাইয়ের সময় জালিয়াতি ও অনিয়মের বিষয়টি উঠে এসেছে। বিশেষ করে কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সনদ এবং অনলাইন বা বিদেশি ডিগ্রির সত্যতা যাচাইয়ে জটিলতার কথা উল্লেখ করে সংস্থাটি। আইডিআরএর নির্দেশনায় মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়, অনুমোদিত ক্যাম্পাস ও শিক্ষাক্রমের বৈধতা যাচাই এবং বিদেশি ডিগ্রির ক্ষেত্রে প্রয়োজনীয় প্রমাণপত্র ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সমতা সনদ জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

জানা গেছে, দেশের কোনো বিশ্ববিদ্যালয়ে সরাসরি ইনস্যুরেন্স বিভাগ নেই। ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগ চালু রয়েছে। তবে সেখানে বেশির ভাগই ব্যাংকিং পড়ানো হয়। ফলে ইনস্যুরেন্সের প্রতি শিক্ষার্থীদের তেমন আগ্রহ তৈরি হয় না।

বিশেষজ্ঞদের বক্তব্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শহিদুল ইসলাম (জাহীদ) আমার দেশকে বলেন, যেকোনো প্রতিষ্ঠানের মেরুদণ্ড হলো তার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। কিন্তু দেশের বীমা খাতে ব্যবস্থাপনাগত দক্ষতা ও পেশাদারিত্বের ঘাটতি রয়েছে। বীমা কোম্পানির এজেন্টদের দেখেই অনেক গ্রাহকের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হয়। অন্যদিকে, এসব প্রতিষ্ঠানের স্থায়ী জনবলের একটি বড় অংশ মাঠপর্যায় থেকে উঠে আসায় তাদের অনেকের সাংগঠনিক দক্ষতা, দাপ্তরিক ব্যবস্থাপনা ও কারিগরি জ্ঞানের ঘাটতি রয়েছে।

তিনি বলেন, বীমা খাতে অন্যান্য খাতের তুলনায় বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা কম। ফলে মেধাবী ও দক্ষ জনবল এ খাতে আসতে আগ্রহী হচ্ছে না। বীমা শিল্পের স্বার্থে দক্ষ জনবল তৈরি করতে হবে এবং এ খাতে বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা বাড়াতে হবে। পাশাপাশি বীমা শিক্ষার প্রসার ঘটাতে হবে। এমনকি স্কুল পর্যায় থেকেই বীমা শিক্ষা চালু করা প্রয়োজন। এতে সাধারণ মানুষের মধ্যে বীমা সম্পর্কে সচেতনতা বাড়বে এবং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে এ শিল্পের প্রতি আগ্রহ তৈরি হবে।

বীমা বিশেষজ্ঞ এবং ইউএনডিপির কনসালটেন্ট এসএম জিয়াউল হক আমার দেশকে জানান, বীমা খাতের সেলস, অপারেশন ও টেকনিক্যাল—তিন বিভাগেই দক্ষ জনবলের সংকট রয়েছে। সেলস খাতের এই ঘাটতি পূরণে এজেন্টদের প্রশিক্ষণ ও নিয়মিত বীমা দাবি পরিশোধের ওপর জোর দেন তিনি। পাশাপাশি অপারেশন খাতের জন্য বিশ্ববিদ্যালয় পর্যায়ে বীমা কোর্স ও ইন্টার্নশিপ চালু এবং টেকনিক্যাল খাতে ফাইন্যান্স ও আইটি প্রশিক্ষণের সঙ্গে ভালো সুযোগ-সুবিধা দেওয়ার পরামর্শ দেন এই বিশেষজ্ঞ।

বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের যুগ্ম মহাসচিব ও জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম নুরুজ্জামান আমার দেশকে বলেন, বীমা খাতে দক্ষ জনবলের বড়ই অভাব রয়েছে। দক্ষ জনবল বাড়াতে দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ইনস্যুরেন্স বিভাগ চালু করতে হবে। ইনস্যুরেন্স একাডেমিকে শক্তিশালী করতে হবে। এছাড়া শিক্ষাগত যোগ্যতা নিয়ে আইডিআরএ উদ্যোগ নিয়েছে।

একনজরে বীমা শিল্প

সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) বার্ষিক প্রতিবেদন ২০২৪-২৫ অনুসারে, দেশে মোট ৮২টি বীমা কোম্পানি রয়েছে। এর মধ্যে ৩৬টি জীবন বীমা কোম্পানি এবং ৪৬টি সাধারণ বীমা কোম্পানি। ১৪৮টি বীমা জরিপ প্রতিষ্ঠান রয়েছে। দেশের মোট ২ কোটি ২২ লাখ মানুষ বীমার আওতায় রয়েছে। সারা দেশে জীবন বীমার এজেন্ট সংখ্যা ৪ লাখ ৭৮ হাজার ৮৫৪। সাধারণ বীমার এজেন্ট সংখ্যা ২ হাজার ৪১৩। জীবন বীমার স্টাফ ১৭ হাজার ৯৬ জন। আর সাধারণ বীমার স্টাফ ২০ হাজার ৩১৫ জন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন