৯ মাস ধরে সচিবশূন্য প্রধানমন্ত্রীর কার্যালয়

৯ মাস ধরে সচিবশূন্য প্রধানমন্ত্রীর কার্যালয়
ফাইল ছবি

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্রের সচিব পদটি দীর্ঘ ৯ মাস ধরে শূন্য পড়ে আছে। এতে সরকারের সঙ্গে মাঠ প্রশাসনের সমন্বয়হীনতা তৈরি হওয়ার পাশাপাশি উন্নয়ন কার্যক্রমেও স্থবিরতার আশঙ্কা করছেন সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

কর্মকর্তারা জানান, অর্গানোগ্রাম বা পরিচালন ছক ও জনবল কাঠামো অনুযায়ী, প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব না থাকায় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন ও আন্তঃমন্ত্রণালয় যোগাযোগে ঘাটতি দেখা দিয়েছে। সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ এ পদটি শূন্য থাকার বিষয়টিকে কেউ কেউ অস্বাভাবিক বলেও মনে করছেন। একজন উপযুক্ত কর্মকর্তাকে শিগগিরই এ পদে পদায়ন করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। তবে, দীর্ঘ ৯ মাসে ধরে গুরুত্বপূর্ণ এ পদটি কেন শূন্য রাখা হয়েছে এমন প্রশ্নের জবাব দেননি সরকারের নীতিনির্ধারকদের কেউ।

বিজ্ঞাপন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা আমার দেশকে বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন ও পলায়নের আগ মুহূর্তে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ সালাহ উদ্দিন। তিনি শেখ হাসিনার একান্ত সচিব-১ থেকে পদোন্নতি পেয়ে ২০২২ সালের ৭ ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হন। গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর তাকে ওএসডি করা হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব হিসেবে নিয়োগ পান সাইফুল্লাহ পান্না। ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি পদোন্নতি পেয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি অতিরিক্ত সচিব পদে থেকে ভূমি আপিল বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় এলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর (বর্তমান রাষ্ট্রপতি) কৃষি প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। ওই সময় তার একান্ত সচিব হিসেবে নিযুক্ত হন সাইফুল্লাহ পান্না। এমন তথ্যের ভিত্তিতে সব ধরনের মেধা, দক্ষতা ও যোগ্যতা থাকার পরও পতিত আওয়ামী লীগ সরকারের সময় তাকে নিয়মিত পদোন্নতি ও উপযুক্ত পদায়ন থেকে বঞ্চিত করে রাখা হয়।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ১৭ ফেব্রুয়ারি নতুন সরকার দায়িত্ব নেয়। ছয় দিনের মাথায় ২৩ ফেব্রুয়ারি সাইফুল্লাহ পান্নাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবের পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত (ওএসডি) করা হয়। সেই থেকে এ পদটি শূন্য রয়েছে।

৯ মাসের শূন্যতা নিয়ে প্রশাসনজুড়ে আলোচনা

সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা বাহিনীসহ জনপ্রশাসনের বিভিন্ন স্তরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী কর্মকর্তা-কর্মচারীরা মাথাচাড়া দিয়ে উঠেছে—এমন অভিমত উঠে এসেছে সরকারের বিভিন্ন পর্যায়ের আলোচনায়। সম্প্রতি দেশের আইনশৃঙ্খলা নিয়ে অনুষ্ঠিত একটি বৈঠকে প্রশাসনের ভেতরে থাকা আওয়ামী সুবিধাভোগী ও তাদের অনুসারীদের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন একজন প্রতিমন্ত্রী।

তিনি আমার দেশকে বলেন, একজন পুলিশ সুপার ও দুটি থানার ওসিকে সরকারবিরোধী ষড়যন্ত্র ও নাশকতায় ইন্ধনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে অনেক তথ্য-উপাত্তও পাওয়া গেছে বলে দাবি তার। তিনি বলেন, জনপ্রশাসনেও এমন অনেক কর্মকর্তা রয়েছে বলে তথ্য পাওয়া গেছে। এগুলো নিয়ে সরকার কাজ করছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবের পদ শূন্য থাকায় প্রধানমন্ত্রীর অভিপ্রায় ও উন্নয়ন কর্মসূচিগুলো মাঠ প্রশাসন পর্যন্ত সঠিক সময়ে পৌঁছানো যাচ্ছে না বলে জানিয়েছেন একজন কর্মকর্তা। প্রশাসনে ফাইল নিষ্পত্তি ও প্রশাসনে গতিশীলতা আনার উদ্যোগও হোঁচট খাচ্ছে বলে জানান তিনি।

একজন সচিব বলেন, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মাধ্যমে মাঠ প্রশাসন সরকারের নীতি ও সিদ্ধান্ত বাস্তবায়ন করে থাকে। আর আন্তঃমন্ত্রণালয় ও বিভাগগুলোর সঙ্গে সমন্বয় করে থাকেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবের দায়িত্ব ও কর্তব্য উল্লেখ করে জনপ্রশাসন বিশেষজ্ঞ ফিরোজ মিয়া আমার দেশকে বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবের অন্যতম প্রধান কাজ হলো প্রধানমন্ত্রীকে তার নীতিনির্ধারণী ও দাপ্তরিক কাজে সর্বোচ্চ সাচিবিক সহায়তা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় তথ্য, উপাত্ত ও পরামর্শ দিয়ে সহায়তা করা। এছাড়া সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও সংস্থাগুলোর কাজের মধ্যে সমন্বয় রক্ষা করে প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং সরকারের নীতি ও সিদ্ধান্তগুলো যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে কি না, তা তদারকি করা; জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার কার্যক্রমের মধ্যে সমন্বয় সাধন করাও তার দায়িত্বের অন্তর্ভুক্ত।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব না থাকার বিষয়টি জনপ্রশাসনে নেতিবাচক প্রভাব ফেলছে বলেও মনে করেন সাবেক এ ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি বলেন, বিদেশি সরকার প্রধান বা উচ্চপদস্থ অতিথিদের আগমন, প্রটোকল এবং জাতীয় পর্যায়ের বিভিন্ন আনুষ্ঠানিকতা সমন্বয়ের পাশাপাশি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, এনজিও বিষয়ক ব্যুরো ও রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের কার্যক্রম তত্ত্বাবধান করে এ বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করার দায়িত্ব সচিবের। এ দায়িত্ব হয়তো এখন মুখ্যসচিব পালন করছেন। তারপরও কিছু ঘাটতি থেকে যায়। কারণ, সব নথি ও ফাইল প্রধানমন্ত্রীর পক্ষে পড়া সম্ভব নয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবই নথি ও ফাইলগুলো নিষ্পত্তির আগে আইন ও প্রচলিত বিধিবিধান অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই-বাছাই করে প্রধানমন্ত্রীর সামনে উত্থাপন করে থাকেন। এ বিষয়গুলোতে ঘাটতি পরিলক্ষিত হচ্ছে বলেও জানান এ বিশেষজ্ঞ।

যা ভাবছে সরকার

গত ৯ মাস প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবের পদ শূন্য কেন এমন প্রশ্ন ছিল জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারীর কাছে। জবাবে আমার দেশকে তিনি বলেন, বিষয়টি সরকারের ঊর্ধ্বতন পর্যায় থেকে দেখভাল করা হচ্ছে। সরকার উপযুক্ত সময়ে এ পদটি পূরণ করবে বলেও জানান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...