হামিদ-চুপ্পুর চিকিৎসক এখনো বঙ্গভবনে

হামিদ-চুপ্পুর চিকিৎসক এখনো বঙ্গভবনে
আমার দেশ গ্রাফিক্স

পতিত ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনা সরকারের আমলে রাষ্ট্রপতি আবদুল হামিদের স্বাস্থ্যের দেখভাল করেছেন। পরের রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর বিশ্বস্ত হিসেবে তারও ব্যক্তিগত চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সেই একই ব্যক্তি এখনো বঙ্গভবনে বহাল থেকে বিএনপি মনোনীত বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শরীর-স্বাস্থ্য দেখাশোনা করছেন।

ভাগ্যবান এই চিকিৎসকের নাম কর্নেল একেএম ফয়জুল হক। শেখ হাসিনা ও আওয়ামী লীগের দুর্গখ্যাত আলোচিত জেলা গোপালগঞ্জের অধিবাসী হিসেবে বঙ্গভবনের চিকিৎসক নিয়োগ পেয়েছিলেন তিনি। তার পরিবারের সদস্য ও নিকটাত্মীয়দের কয়েকজন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ে রয়েছেন। তার পিতা একেএম ফজলুল হক ছিলেন আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. একে আবদুল মোমেন তার আপন খালু। আওয়ামী সরকারের মন্ত্রী জাপার আনিসুল ইসলাম মাহমুদ তার খালাতো বোনের জামাই।

বিজ্ঞাপন

শেখ হাসিনার পতন ও পলায়নের পর তাকে বঙ্গভবন থেকে অন্যত্র বদলির উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত তা কার্যকর করা হয়নি। নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে কর্নেল ফয়জুল হকের বিষয়ে প্রবল আপত্তি থাকলেও তা আমলে নেওয়া হয়নি। বঙ্গভবন ও সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে অভিযোগের বিষয়ে ফয়জুল হক আমার দেশকে বলেন, আমি সরকারি চাকরি করছি। রাষ্ট্রের প্রতি দায়বোধ থেকে আমাকে সরকার যখন যে দায়িত্ব দেয়, সেটা প্রতিপালন করা আমার দায়িত্ব ও কর্তব্য।

বঙ্গভবন সূত্র জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী পরিবারের সদস্য হিসেবে ফয়জুল হক প্রথমে রাষ্ট্রপতি আবদুল হামিদের ব্যক্তিগত চিকিৎসক হিসেবে নিয়োগ পান।

একে আবদুল মোমেন ও আনিসুল ইসলাম মাহমুদের নিকটাত্মীয় হওয়ায় প্রভাব বিস্তার করে তিনি বঙ্গভবনের গুরুত্বপূর্ণ পদে রয়ে যান।

কর্মকর্তারা জানান, চুপ্পুর পদত্যাগের পর নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল দায়িত্ব নেওয়ার পর বঙ্গভবনের কর্মকর্তাদের বিষয়ে সামরিক ও বেসামরিক গোয়েন্দা সংস্থার মাধ্যমে প্রতিবেদন নেওয়া হয়। বঙ্গভবনসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরে ফয়জুল হকের বিষয়ে তিনটি নেতিবাচক মন্তব্য করা হয়।

প্রথম মন্তব্যে বলা হয়েছে, ফয়জুল হক আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক পরিচয় ব্যবহার করে নিয়ম বহির্ভূতভাবে লে. কর্নেল পদ থেকে কর্নেল পদে পদোন্নতি পান। নিয়মানুযায়ী এফসিপিএস ও এমডিসহ বড় ডিগ্রি ছাড়া কর্নেল হওয়ার সুযোগ নেই।

একই প্রতিবেদনে তার বিষয়ে আরো বলা হয়েছে, ফয়জুল হক পুরো আওয়ামী লীগ সরকারের আমলে ঢাকায় পোস্টিংয়ে ছিলেন এবং সবশেষ তিনি রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রতিবেদনের শেষ পর্যায়ে ফয়জুল হকের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে বলা হয়েছে, তার পরিবারের সদস্যরা ও আত্মীয়-স্বজন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে শক্তভাবে জড়িত। আওয়ামী লীগ আমলের কেবিনেট সচিব তার ঘনিষ্ঠ আত্মীয়।

বঙ্গভবনের একজন কর্মকর্তা আমার দেশকে জানান, চুপ্পুর বিদায়ের পর তার ব্যক্তিগত চিকিৎসক বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ব্যক্তিগত চিকিৎসক হিসেবে দায়িত্ব পালনের ইচ্ছা প্রকাশ করেন। বঙ্গভবন থেকে এ বিষয়ে কোনো আপত্তি না থাকায় তিনিও তার দায়িত্ব চলমান রাখেন।

অপর এক কর্মকর্তা জানান, নতুন রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণের পর নিয়ম ও রীতি অনুযায়ী তার সঙ্গে কাজ করবেন এমন কর্মকর্তাদের বিষয়ে সামরিক ও বেসামরিক গোয়েন্দা সংস্থার মাধ্যমে প্রতিবেদন সংগ্রহ করা হয়। এসব প্রতিবেদনের সবটাতেই ফয়জুল হকের বিষয়ে প্রবল আপত্তি পেশ করা হয়। মির্জা ফখরুল গত ২১ আগস্ট রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

প্রসঙ্গত, ফয়জুল হকের নিকটাত্মীয় ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বর্তমান রাষ্ট্রপতির ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। রাষ্ট্রপতি পদে ক্ষমতাসীন বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুলকে মনোনয়ন দেওয়ার পর শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি বিবৃতি দেন।

জাপা চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব রুহুল আমিন হাওলাদার ওই যৌথ বিবৃতিতে বলেন, মির্জা ফখরুল বাংলাদেশের রাজনীতিতে একজন সজ্জন, মার্জিত ও প্রাজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিনয়ী আচরণ, শালীন বক্তব্য, যুক্তিনির্ভর রাজনৈতিক অবস্থান এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অঙ্গীকারের মাধ্যমে নিজস্ব একটি গ্রহণযোগ্যতা তৈরি করেছেন।

রাষ্ট্রপতি আবদুল হামিদ ও চুপ্পুর ব্যক্তিগত চিকিৎসক ফয়জুল হকের বর্তমানে দায়িত্ব চলমান রাখার বিষয়ে আনিসুল ইসলাম মাহমুদের কোনো সুপারিশ কিংবা প্রভাব রয়েছে কি নাÑ এমন প্রশ্ন ছিল বঙ্গভবনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে। জবাবে আমার দেশকে তিনি বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। নিরাপত্তাজনিত বিষয়ে নেতিবাচক গোয়েন্দা প্রতিবেদনের পরও রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ পদে তিনি কেন স্বপদে বহাল আছেন? এমন প্রশ্নও ছিল তার কাছে। জবাবে ওই কর্মকর্তা বলেন, বিষয়টি আগে সেভাবে গুরুত্ব দিয়ে দেখা হয়নি। তবে, ফ্যাসিস্ট আমলের দুই রাষ্ট্রপতিকে সেবা দেওয়া এ চিকিৎসকের বিষয়ে গোয়েন্দা প্রতিবেদনগুলো খতিয়ে দেখা হচ্ছে। এগুলো আমলে নিয়ে শিগগির ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

জনপ্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে প্রশ্ন ছিল, সক্রিয়ভাবে আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত এমন একটি পরিবারের সদস্য এখনো কীভাবে বর্তমান রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসকের দায়িত্ব পালন করছেন? জবাবে ওই কর্মকর্তা বলেন, শেখ হাসিনার পতন ও পলায়নের পর দুই বছরেরও বেশি সময় ধরে চুপ্পু সাহেব যেভাবে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করে সম্মানের সঙ্গে বিদায় নিয়েছেনÑ ঠিক একইভাবে তার ব্যক্তিগত চিকিৎসক এখনো বঙ্গভবনে স্বপদে বহাল আছেন। তার নিকটাত্মীয়দের অধিকাংশই সক্রিয়ভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এগুলো তো কারো অজানা বিষয় নয়। ওই চিকিৎসক নিজেও বিভিন্ন সময়ে তার ব্যক্তিগত মতাদর্শ প্রকাশ করেছেন। বর্তমান সরকারের নীতি-নির্ধারকদের এ বিষয়গুলো অজানা নয় বলেও মনে করেন এ কর্মকর্তা।

ফয়জুল হকের এক নিকটাত্মীয় আমার দেশকে বলেন, শেখ হাসিনার পতন ও পলায়নের আগে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালনকারী মাহবুবর রহমান এ চিকিৎসকের ভগ্নিপতি। তার পিতা একেএম ফজলুল হক ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য পলাতক ড. একে আবদুল মোমেনের যথেষ্ঠ প্রভাব রয়েছে তাদের পরিবারের ওপর। তার পিতাও আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হওয়ার আগে সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে চাকরি করেছেন। সবশেষ তিনি খুলনার বিভাগীয় কমিশনার ছিলেন বলেও জানান ফয়জুল হকের এ আত্মীয়।

কর্নেল ফয়জুল হকের জবাব

গোয়েন্দা প্রতিবেদনে রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়ে কর্নেল ফয়জুল হক আমার দেশকে বলেন, আমি একজন সরকারি চাকরিজীবী, এটিই আমার বড় পরিচয়। আত্মীয়-স্বজনদের কে রাজনীতি করেন, আর কে করেন না, সেটা তাদের একান্তই নিজস্ব বিষয়। পদোন্নতি ও পদায়ন স্বাভাবিকভাবেই হয়েছে বলেও জানান তিনি।

গোয়েন্দা প্রতিবেদনে উল্লিখিত অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...