গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আওয়ামী তাণ্ডব

গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আওয়ামী তাণ্ডব

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, ভাঙচুর ও সহিংসতার ঘটনা ঘটিয়েছে। এ সময় তাদের হাতে রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা, বল্লম, লগি-বৈঠা, লাঠিসোটাসহ দেশীয় অস্ত্র দেখা যায়। বিক্ষোভকালে পুলিশের একটি সাঁজোয়া যানের (এপিসি) গ্লাস ও পুলিশ বক্স ভাঙচুর করে দলটির নেতাকর্মীরা। এছাড়া জুলাই স্মৃতিস্তম্ভ ও শহীদ ওসমান হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করা হয়।

বিজ্ঞাপন

গতকাল রোববার বেলা ১১টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল ও সহিংসতার এ ঘটনা ঘটে।

এদিকে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নতুন জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) পাঠিয়েছে সরকার। গোপালগঞ্জের ডিসি আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্ত করা হয়েছে। এই জেলায় নতুন ডিসি হিসেবে হবিগঞ্জের ডিসি জিএম সরফরাজকে পাঠানো হয়েছে। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

এছাড়া গোপালগঞ্জে নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে ফেনীর বর্তমান এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে দায়িত্ব দেওয়া হয়েছে। আর গোপালগঞ্জের এসপি মো. হাবীবুল্লাহকে ফেনীতে বদলি করা হয়েছে। একই দিনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

অন্যদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আলমগীর কবীর চুয়াডাঙ্গার ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন। চুয়াডাঙ্গার ডিসি লুৎফুন নাহারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। এছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জাকির হোসেনকে হবিগঞ্জের ডিসি নিয়োগ দেওয়া হয়েছে।

বিক্ষোভ মিছিল থেকে গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের বাড়ি, অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিএনপি নেতা মাহাবুব আলী সোহেলের অফিসে ভাঙচুর এবং ছাত্রদল নেতা রানা মোল্লার অফিসে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। এছাড়া স্বেচ্ছাসেবক দল নেতা জসিমের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, সকাল থেকে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা এসে সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের ঘোষেরচর উত্তরপাড়ায় জড়ো হন। এ সময় পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খানের নেতৃত্বে নেতাকর্মীরা মিছিল নিয়ে বিসিক ব্রিজ হয়ে শহরে প্রবেশ করেন।

সূত্রমতে, ঘোষেরচর দক্ষিণপাড়া থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সামিউল হকের নেতৃত্বে আরেকটি মিছিল বের হয়। পাশাপাশি শহরের মিয়া ও নবীনবাগ এলাকা থেকে সাবেক কাউন্সিলর আলামিনের নেতৃত্বেও মিছিল হয়। পরে মিছিলগুলো শহরের পুরোনো লঞ্চঘাট সেতুর কাছে গিয়ে জড়ো হয়। এরপর তারা ব্যাংকপাড়ায় আওয়ামী লীগের জেলা কমিটির কার্যালয়ে যান এবং জুলাই বিপ্লবের পর থেকে তালাবদ্ধ অফিস খুলে দেন।

স্থানীয়রা জানান, মিছিল করে যাওয়ার সময় গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকায় নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ ভাঙচুর করেন তারা। এরপর গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নামফলক মুছে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দেওয়া হয়। একইভাবে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলকও ভেঙে দেন তারা। পরে তারা পুরোনো লঞ্চঘাট, সরকারি কলেজ ও প্রেস ক্লাবের সামনের সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন।

এ সময় তারা পুলিশের সাঁজোয়া যানের গ্লাস ও পুলিশ বক্সের গ্লাস ভাঙচুর করেন। পাশাপাশি সাঁজোয়া যানের গায়ে রং দিয়ে ‘জয় বাংলা’ লিখে দেন।

এদিকে, কর্মসূচির কারণে বেলা ১১টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত গোপালগঞ্জ-পাটগাতী সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। এ সময় শহরজুড়ে পুলিশ পর্যাপ্ত সংখ্যক পুলিশ, এপিবিএন, আনসার মোতায়েন ছিল। গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি টহল দেখা গেছে।

এদিকে, বিকাল ৪টার দিকে টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি ছিল। ওই কর্মসূচিতে আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেয়। বিক্ষোভ মিছিলের সময় তারা তিন বিএনপি সমর্থিত ব্যবসায়ীর ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

এ বিষয়ে ঢাকা রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান প্রেস ব্রিফিংয়ে বলেন, গোপালগঞ্জের নিরাপত্তায় পুলিশের নিরাপত্তা পরিকল্পনায় ১,৩৫০ জন অফিসারসহ পুলিশ সদস্য নিয়োজিত ছিল। গোপালগঞ্জের ৬৭ কিলোমিটার ন্যাশনাল হাইওয়েতে পর্যাপ্ত মোবাইল প্যাট্রলসহ টহল মোতায়েন ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন ছিল জনসাধারণের নিরাপত্তায়।

এদিকে, গোপালগঞ্জের চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে বিজিবি যশোর রিজিয়নের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান বলেন, গোপালগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জনগণের জানমাল নিশ্চিত রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি থেকে প্রায় ১৫০ জন সদস্য মোতায়েন করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...