উচ্চশিক্ষিত হওয়ার স্বপ্ন প্রতিবন্ধী পাঁচ ভাই-বোনের

উচ্চশিক্ষিত হওয়ার স্বপ্ন প্রতিবন্ধী পাঁচ ভাই-বোনের

শারীরিক প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শিক্ষার আলোয় নিজেদের জীবন গড়ে তুলতে লড়াই চালিয়ে যাচ্ছেন কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার একই পরিবারের পাঁচ প্রতিবন্ধী ভাই-বোন। তাদের একটাই স্বপ্ন লেখাপড়া শেষ করে কারো করুণার পাত্র না হয়ে আত্মনির্ভরশীল হওয়া।

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের বিলপাড়-গজারিয়া গ্রামের মৃত মহরম আলী ও ফুলবানু দম্পতির সন্তান তারা। এই পরিবারের ভাই-বোনদের মধ্যে পাঁচজনই শারীরিক প্রতিবন্ধী। জন্ম বা শৈশবের পর থেকেই তাদের শরীরের নিচের অংশ অচল কিংবা হাত-পা দুর্বল ও বাঁকা হয়ে গেছে।

বিজ্ঞাপন

শারীরিক প্রতিবন্ধকতার কারণে নিয়মিত ক্লাসে যাওয়া, প্রতিদিনের পথ পাড়ি দেওয়া তাদের জন্য অত্যন্ত কষ্টকর। তবুও তারা পড়াশোনা কখনো থামিয়ে দেননি। বড় ভাই সুজন মিয়া কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করেছেন। ছোট বোন মারজিয়া বেগম বাজিতপুর সরকারি কলেজ থেকে ব্যবস্থাপনা বিভাগে স্নাতক সর্ম্পূণ করেছেন। জহুরা বেগম সমাজকর্ম বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। মুক্তা আক্তার এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। সবার ছোট বোন পান্না আক্তার ১০ম শ্রেণিতে পড়ে।

এই পাঁচ ভাই-বোনের প্রধান লক্ষ্য আত্মনির্ভরশীল হওয়া। তাদের দাবি একটাই যোগ্যতা অনুযায়ী সরকারি বা উপযুক্ত কোনো কর্মসংস্থানের সুযোগ। পড়াশোনা শেষ করে নিজ পায়ে দাঁড়িয়ে তারা পরিবার ও সমাজের বোঝা না হয়ে বরং সমাজের জন্য অবদান রাখতে চান।

সুজন মিয়া বলেন, ভাই বোনের ভবিষ্যৎ নিয়ে খুব কষ্টে তিনি পড়াশোনা করেছেন। তিনি নিজেও স্বাভাবিক চলাচল করতে পারেন না। তারপরেও তিনি আশা ছাড়েননি।

স্থানীয় বাসিন্দা মোজাম্মেল হক বলেন, পাঁচ সন্তানই শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে বড় হলেও খুব কষ্ট করে খেয়ে না খেয়ে তারা পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। তাদের মধ্যে যদি একজনকে মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি দেওয়া হয়, তাহলে পরিবারটি আত্মনির্ভরশীল হতে পারবে।

পিরিজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাফর ইকবাল জুয়েল বলেন, শারীরিক প্রতিবন্ধী হয়েও এই পাঁচ ভাই-বোন যেভাবে লেখাপড়া চালিয়ে যাচ্ছে, তা সত্যি অনুপ্রেরণা দায়ক। উপযুক্ত সুযোগ পেলে তারাও অনেক পথ এগিয়ে যেতে পারে।

বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিন বলেন, তিনি সম্প্রতি বিষয়টি অবগত হয়েছেন। বিষয়টি জানার পর আমি পরিবারটির বিষয়ে খোঁজখবর নিয়েছি। খুব দ্রুত তিনি সহযোগিতা করবেন বলে উল্লেখ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন