জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার,ঢাকা উত্তর

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

বিজ্ঞাপন

রোববার সকাল সাড়ে ১১টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান। পরে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান তিনি।

এ সময় তিন বাহিনীর একটি সুসজ্জিত চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে। বিউগলে করুণ সুর বাজানো হয় এবং শহীদদের স্মরণে নির্ধারিত আনুষ্ঠানিকতা পালন করা হয়। পরে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং কিছু সময় স্মৃতিসৌধ এলাকা ঘুরে দেখেন।

এদিকে, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে জাতীয় স্মৃতিসৌধ চত্বরে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অবস্থান নেন। স্থানীয় সংসদ সদস্যের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়। তারা বিভিন্ন স্লোগান দেন। এ ছাড়া ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশেও নেতাকর্মীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাকে শুভেচ্ছা জানান।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সফর উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় তিন স্তরের নিরাপত্তা জোরদার করা হয়। জেলা পুলিশের পাশাপাশি বিভিন্ন বাহিনীর আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করেন। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের কর্মকর্তাসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন