গ্রিসে যুদ্ধবিমান বিধ্বস্ত

গ্রিসে যুদ্ধবিমান বিধ্বস্ত
ছবি: রয়টার্স

প্রদর্শনীতে কসরত দেখানোর সময় গ্রিসে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

গতকাল শনিবার রাজধানী এথেন্সের অদূরে একটি বিমানঘাঁটিতে এ দুর্ঘটনা ঘটে।

গ্রিসের বার্তাসংস্থা এএনএর বরাতে জানা গেছে, বিধ্বস্ত যুদ্ধবিমানটি ছিল এফ-৪ প্যানথম মডেলের। কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে, তা এখনো জানা যায়নি। তবে দুর্ঘটনার আগে দুই পাইলটই বিমান থেকে বের হতে পারেননি। ফলে বিমানের ভেতরেই পুড়ে তাদের মৃত্যু হয়।

প্রদর্শনী দেখতে যাওয়া এক ব্যক্তি দুর্ঘটনার মুহূর্তটি মুঠোফোনে ধারণ করেন। ভিডিওতে দেখা যায়, যুদ্ধবিমানটি উড্ডয়নের পর দর্শকদের সামনে কসরত করছিল। একপর্যায়ে সেটি হঠাৎ ওপর থেকে নিচের দিকে নেমে আসে। পরে দর্শকসারি থেকে কিছুটা দূরে গিয়ে মাটিতে আছড়ে পড়ে বিমানটি।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের একাধিক দল ঘটনাস্থলে যায়। তারা আগুন নেভানোর কাজ শুরু করে।

দুই পাইলট নিহত হওয়ার ঘটনায় মর্মান্তিক পরিস্থিতির সৃষ্টি হয়। পরে বিমান প্রদর্শনীর আয়োজন বাতিল করা হয়।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে বিদেশ সফর বাতিল করেন গ্রিসের প্রতিরক্ষামন্ত্রী নিকোস দেনদিয়াস। তিনি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন