আমার দেশে সংবাদ প্রকাশের পর

নরসিংদীতে প্রবাসীর সম্পদ হাতিয়ে নেওয়ার অভিযোগে এপিপির পদ হারালেন নয়ন

নরসিংদীতে প্রবাসীর সম্পদ হাতিয়ে নেওয়ার অভিযোগে 
এপিপির পদ হারালেন নয়ন
অ্যাডভোকেট মো. নয়ন মোল্লা

নরসিংদীতে এক কুয়েত প্রবাসীর স্ত্রী, সন্তান, নগদ টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার অভিযোগে জেলা জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ও স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা অ্যাডভোকেট মো. নয়ন মোল্লাকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সম্প্রতি আমার দেশে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে প্রশাসন এবং শেষ পর্যন্ত কর্তৃপক্ষের পক্ষ থেকে এই ব্যবস্থা নেওয়া হয়।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) থেকে সুপ্রিম কোর্টের সিনিয়র সহকারী সচিব মো. ফারুক হোসেনের ২৫ আগস্ট স্বাক্ষরিত এক চিঠিতে এই অব্যাহতির আদেশ দেওয়া হয়।

তবে অব্যাহতির সুনির্দিষ্ট কারণ চিঠিতে উল্লেখ করা না হলেও জানানো হয়, ২০২৪ সালের ১১ নভেম্বর নিয়োগ পাওয়া সহকারী পাবলিক প্রসিকিউটর পদে অ্যাডভোকেট নয়ন মোল্লার আদেশটি বাতিল করা হয়েছে।

অভিযোগ সূত্রের খবর, রায়পুরা উপজেলার আমীরগঞ্জ এলাকার কুয়েত প্রবাসী লুৎফর রহমানের ২১ বছরের উপার্জিত অর্থ, স্ত্রী হাফসা আক্তার, ১১ বছরের ছেলে মো. তাওহীদ, ৮ বছরের মেয়ে তাসমীম আক্তার এবং বিপুল পরিমাণ স্বর্ণালংকার হাতিয়ে নেন জেলা আইনজীবী সমিতির সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নয়ন মোল্লা।

প্রবাস থেকে দেশে ফিরে লুৎফর রহমান তার স্ত্রী-সন্তান, টাকা ও স্বর্ণালংকার ফেরত চাইলে তাকে উল্টো নানা হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগী লুৎফর রহমান নরসিংদী মডেল থানা, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা আইনজীবী সমিতি এবং বাংলাদেশ বার কাউন্সিল বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে অ্যাডভোকেট নয়ন মোল্লা এক সংবাদ সম্মেলন ডেকে তার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা বলে দাবি করেন।

নয়ন মোল্লা জেলা ছাত্রদলের সাবেক আইনবিষয়ক সহ-সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। এই রাজনৈতিক প্রভাব খাটিয়ে ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী পরিস্থিতিতে তিনি নরসিংদী জজ কোর্টের এপিপি পদ ভাগিয়ে নেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে ইতিপূর্বেও অন্যের স্ত্রী ও ধন-সম্পদ হাতিয়ে নেওয়া এবং পরবর্তীতে টাকা-পয়সা শেষ হলে তাদের তাড়িয়ে দেওয়ার একাধিক অভিযোগ রয়েছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন