কুড়িগ্রামের রৌমারীতে সারের জন্য ক্ষুব্ধ কৃষকরা ডিলারের গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট করেছেন। এ ছাড়া অন্য একটি ডিলার পয়েন্টে গোডাউনের শাটার ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। সোমবার বেলা ১২টার দিকে রৌমারী মহিলা কলেজপাড়া সংলগ্ন ‘মেসার্স মিতা-হাসান এন্টারপ্রাইজে’ এ ঘটনা ঘটে।
এর আগে পৌনে ১২টার দিকে উপজেলার তুরা রোডে অবস্থিত ‘অনুপম ট্রেডার্স’-এর গোডাউনের শাটার ভাঙচুর করা হয়।
স্থানীয় কৃষক ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বন্দবেড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেসার্স মিতা-হাসান এন্টারপ্রাইজে সারের জন্য গভীর রাত থেকে দীর্ঘ লাইনে অপেক্ষা করছিলেন স্থানীয় কৃষকরা। তীব্র গরমের মধ্যে দীর্ঘক্ষণ অপেক্ষার পরও নির্ধারিত সময়ে ডিলার না আসায় কৃষকদের ধৈর্যচ্যুতি হয়। লাইনে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার একপর্যায়ে তীব্র গরমে চারজন কৃষক হিটস্ট্রোক করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টা বেজে গেলেও ডিলার উপস্থিত না হওয়ায় উত্তেজিত জনতা গোডাউনের টিনের বেড়া ভেঙে শতাধিক সারের বস্তা লুট করে নিয়ে যায়। পরবর্তীতে সার বিতরণ বন্ধ করা হলে কৃষকদের তীব্র তোপের মুখে পড়েন মেসার্স মিতা-হাসান এন্টারপ্রাইজের ডিলার মতিয়ার রহমান। এ সময় তিনি পালানোর চেষ্টা করলে ক্ষুব্ধ কৃষকরা তাকে আটকে রাখেন।
খবর পেয়ে রৌমারীর ইউএনও মাহবুবুল হাসান, ওসি কাওছার আলী এবং বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পুনরায় সার বিতরণ শুরু করা হয়।
এ বিষয়ে মেসার্স মিতা-হাসান এন্টারপ্রাইজের ডিলার মো. মতিয়ার রহমান বলেন, সকাল সাড়ে ৯টার দিকে সার বিতরণ করার কথা থাকলেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় প্রশাসনের সহযোগিতার জন্য ইউএনও স্যারের কার্যালয়ে যাই। এই সুযোগে ধৈর্যহারা কৃষকরা গোডাউন ভেঙে শতাধিক ইউরিয়া সারের বস্তা লুট করে নিয়ে যান। ক্যাশ ও বস্তা গণনা শেষে লুট হওয়া সারের সুনির্দিষ্ট হিসাব পাওয়া যাবে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহবুবুল আলম বসুনিয়া বলেন, উপজেলায় সারের কোনো সংকট নেই। কৃষকরা ধৈর্য ধরে সার উত্তোলন করলে কোনো সমস্যা হবে না। কৃত্রিম সংকট সংক্রান্ত গুজব রোধে আগামীকাল থেকে খোলাবাজারে সার বিক্রির (ওএমএস) বিশেষ ব্যবস্থা করা হবে।
রৌমারীর ইউএনও মো. মাহবুবুল হাসান জানান, আমি নিজে বিভিন্ন সারের ডিলার পয়েন্ট ঘুরে ঘুরে পরিদর্শন ও মনিটরিং করছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। একটি ডিলার পয়েন্টে সাময়িক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, তবে খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

