দীর্ঘ ২৫ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে ফুটবলকে বিদায়ের ইঙ্গিত দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সী পর্তুগিজ মহাতারকা জানিয়েছেন, চলতি মৌসুমই হতে পারে তাঁর পেশাদার ফুটবলের শেষ বছর। এরপর পরিবারকে ঘিরেই নতুন জীবন সাজাতে চান তিনি।
সম্প্রতি প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করেছেন রোনালদো। এরপর থেকেই তাঁর ভবিষ্যৎ পরিকল্পনায় পরিবার ও ব্যক্তিজীবনকে বেশি গুরুত্ব দিতে দেখা যাচ্ছে। ফ্যাশন ও লাইফস্টাইল সাময়িকী ‘ভোগ’-কে দেওয়া সাক্ষাৎকারে নিজের অবসরের সম্ভাবনার কথা জানিয়েছেন পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী এই তারকা।
রোনালদো বলেন, ‘এটি (২০২৬-২৭ মৌসুম) সম্ভবত আমার ফুটবলের শেষ বছর। আমি একটি চমৎকার উত্তরাধিকার রেখে যেতে চাই।’
ফুটবল-পরবর্তী জীবন নিয়েও নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন রোনালদো। তাঁর মতে, অবসরের পর হঠাৎ করে তৈরি হওয়া শূন্যতা পূরণ করতে নিজেকে নানা কাজে ব্যস্ত রাখতে হবে।
তিনি বলেন, ‘আমার ভবিষ্যৎ পরিকল্পনা পুরোপুরি সাজানো। ব্যস্ত রাখার মতো এত কিছু আমার আছে যে কেবল একটির কথা বলা কঠিন। যেহেতু ফুটবল না থাকলে একটা বড় শূন্যতা তৈরি হতে পারে, তাই সময় কাটানোর জন্য শুধু একটি নয়, নানা উপায় রাখতে হবে।’
ফুটবল ছেড়ে দেওয়ার পর পরিবারকে নিয়ে আরও বেশি সময় কাটানোর পাশাপাশি ভ্রমণ, প্যাডেল টেনিস এবং এত বছরের অর্জন উপভোগ করতে চান রোনালদো।
‘আরও বেশি আনন্দ করা, বেশি ভ্রমণ করা, প্যাডেল টেনিস দেখা ও খেলা; যা আমার ভীষণ পছন্দ এবং এতদিন ধরে আমি যা অর্জন করেছি, তা উপভোগ করে যাওয়া। কারণ শেষ পর্যন্ত এটা ছিল ২৫ বছরের প্রচুর আত্মত্যাগের ইতিহাস।’- বলেন তিনি।
বর্তমানে সৌদি আরবের ক্লাব আল-নাসরে খেলছেন রোনালদো। ক্লাবটির সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ আরও এক বছর রয়েছে। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই অবসরের সিদ্ধান্ত নিলে চলতি মৌসুমেই তাঁকে শেষবারের মতো মাঠে দেখা যেতে পারে।
ক্যারিয়ারে এখন পর্যন্ত অসংখ্য রেকর্ড গড়া রোনালদোর সামনে রয়েছে আরও একটি বড় মাইলফলক। ১০০০ গোলের মাইলফলক থেকে মাত্র ২৪ গোল দূরে আছেন তিনি। পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সর্বকালের সর্বোচ্চ গোলদাতাও তিনি।
রোনালদোর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিও সম্প্রতি নিজের অবসর নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছেন। ফলে ফুটবলের দুই মহাতারকার ক্যারিয়ারই এখন শেষ অধ্যায়ের দিকে এগোচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

