অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজ

দ্বিতীয় টেস্টে বাদ অজি ওপেনার ওয়েদারাল্ড, ফিরলেন রেনস

দ্বিতীয় টেস্টে বাদ অজি ওপেনার ওয়েদারাল্ড, ফিরলেন রেনস

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে দলে পরিবর্তন আনল অস্ট্রেলিয়া। ওপেনার ওয়েদারাল্ডকে বাদ দিয়ে তার জায়গায় দলে ফিরিয়েছে ম্যাট রেনসকে। ম্যাকেইতে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টের জন্য ঘোষিত ১৩ সদস্যের দলে এই একমাত্র পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। ব্যর্থতার পরও তিন নম্বরে থাকা মার্নাস লাবুসানে আপাতত দলে টিকে গেলেন।

বিজ্ঞাপন

গত অ্যাশেজ সিরিজের শুরু থেকে টানা ছয়টি টেস্ট খেলেছেন ওয়েদারাল্ড। কিন্তু প্রত্যাশা পূরণ করতে পারেননি। ছয় টেস্টে তার ব্যাট থেকে এসেছে মাত্র একটি হাফসেঞ্চুরি, গড় ২০.৩৬। বাংলাদেশের বিপক্ষে ডারউইনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক হারের ম্যাচেও দুই ইনিংসে তার রান ছিল ২৩ ও ৩।

অ্যাশেজে সঙ্গী ওপেনার ট্রাভিস হেডের সঙ্গে ভালো জুটি গড়ে তুললেও পরের সিরিজগুলোতে ইনিংস বড় করতে পারেননি ওয়েদারাল্ড। শেষ পর্যন্ত নির্বাচকদের আস্থাও হারালেন এই বাঁহাতি ওপেনার।

তার জায়গায় দলে ফেরা ৩০ বছর বয়সী ম্যাট রেনসের টেস্ট অভিষেক হয়েছিল এক দশক আগে। সময়ের সঙ্গে তিন সংস্করণেই কার্যকর ব্যাটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। সর্বশেষ ২০২৩ সালে ভারতের বিপক্ষে টেস্ট খেলেছিলেন রেনস।

এদিকে ওয়ান ডাউন ব্যাটসম্যান লাবুসানের ফর্ম নিয়েও প্রশ্ন উঠেছিল। তবে ডারউইন টেস্টে রান না পেলেও আপাতত তাকে আরও একটি সুযোগ দিচ্ছে অস্ট্রেলিয়া। কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন, লাবুসানেকে দ্রুত বড় রানে ফিরতে হবে।

ডারউইন টেস্টে ৯ উইকেটে জিতে বাংলাদেশ সিরিজে এগিয়ে রয়েছে ১-০ তে। সিরিজ বাঁচাতে মরিয়া অস্ট্রেলিয়া ম্যাকেতে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নতুন ওপেনিং সঙ্গী নিয়ে মাঠে নামবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন