রোমানিয়া, বুলগেরিয়া, উত্তর মেসিডোনিয়া ও মলদোভায় বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সামাজিক যোগাযোগমাধ্যমসহ অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারে সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে বুখারেস্টে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
জনসচেতনতামূলক এক বিজ্ঞপ্তিতে দূতাবাস এ আহ্বান জানায়। এতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম বর্তমানে যোগাযোগ ও তথ্য আদান-প্রদানের গুরুত্বপূর্ণ মাধ্যম হলেও সেখানে প্রকাশিত বা শেয়ার করা পোস্ট, মন্তব্য, ছবি ও ভিডিও অনেক সময় আইনি জটিলতার কারণ হতে পারে।
বিশেষ করে ধর্ম, রাজনীতি, জনশৃঙ্খলা, জাতীয় নিরাপত্তা এবং অন্যান্য সংবেদনশীল বিষয় নিয়ে কোনো কনটেন্ট প্রকাশ বা শেয়ারের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
কোনো তথ্য বা পোস্ট শেয়ার করার আগে এর সত্যতা যাচাই করার আহ্বান জানিয়ে দূতাবাস বলেছে, সংশ্লিষ্ট দেশের আইনের পরিপন্থি, হুমকিমূলক, উসকানিমূলক, বৈষম্যমূলক বা আপত্তিকর হিসেবে বিবেচিত হতে পারে—এমন কোনো কনটেন্ট প্রকাশ বা শেয়ার করা থেকে বিরত থাকতে হবে।
এ ছাড়া কোনো পোস্ট বা কনটেন্টের মাধ্যমে সহিংসতা কিংবা উগ্রবাদী কর্মকাণ্ডকে সমর্থন করা হচ্ছে—এমন ধারণা তৈরি হতে পারে, এমন বিষয় থেকেও দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বিদেশে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইন ও বিধিবিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়েছে দূতাবাস। একই সঙ্গে সংশ্লিষ্ট দেশের সামাজিক মূল্যবোধ ও সংবেদনশীলতার প্রতি সম্মান দেখিয়ে নিরাপদ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
দূতাবাসের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্বশীল ব্যবহার সম্ভাব্য আইনি ও অন্যান্য অনাকাঙ্ক্ষিত জটিলতা এড়াতে সহায়তা করে। পাশাপাশি বিদেশে বাংলাদেশ ও বাংলাদেশি নাগরিকদের মর্যাদা ও ইতিবাচক ভাবমূর্তি বজায় রাখতেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
বিজ্ঞপ্তিতে চার দেশে বসবাসরত সব বাংলাদেশিকে সচেতন ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম সংযত, সম্মানজনক, দায়িত্বশীল ও আইনসম্মতভাবে ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


