সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে প্রবাসীদের কল্যাণে বিশেষ ‘প্রবাসী কার্ড’ সেবা চালু করা হচ্ছে। চলতি মাসের শেষ সপ্তাহে বিদেশগামীদের হাতে তুলে দেওয়ার মাধ্যমে এই কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রাথমিকভাবে আগামী বছরের জুনের মধ্যে তিন ধাপে মোট দুই লাখ প্রবাসীকে কার্ড দেওয়া হবে। পরে ধাপে ধাপে সব প্রবাসীকে এই কার্ডের সুবিধার আওতায় নিয়ে আসা হবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কার্ড-সংক্রান্ত কমিটির একাধিক সূত্র আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে প্রবাসী কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে যারা জর্ডান যাচ্ছেন, ওই দিন তাদের হাতে এই কার্ড তুলে দেওয়া হবে। মালয়েশিয়া ও ব্রুনাইগামী প্রবাসীদেরও এ কার্ড দেওয়া হতে পারে। কার্ডের খরচ বহন করবে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। চলতি মাসের ২৭ অথবা ২৯ তারিখ উদ্বোধন করা হতে পারে, তবে সেটি চূড়ান্ত করা হবে প্রধানমন্ত্রীর শিডিউলের ওপর।
জানা যায়, কার্ড চালুর লক্ষ্যে গত ১০ আগস্ট প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জনতা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। পাশাপাশি কার্ডে যেসব সুবিধা রাখা হয়েছে তা বাস্তবায়নে সহায়তার প্রস্তাব দিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে প্রস্তাব দিয়ে চিঠি পাঠানো হয়েছে। এতে কার্ড নিয়ে প্রশিক্ষণ, সফটওয়্যার ডেভেলপমেন্ট ও প্রচারের জন্য অর্থ মন্ত্রণালয় থেকে ১০ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানা গেছে।
জানা গেছে, বিশেষ এই কার্ড ব্যবহার করে দেশের যে কোনো পর্যটন হোটেলে আবাসনের ক্ষেত্রে ৪১ শতাংশ ছাড় পাবেন প্রবাসীরা। এ ছাড়া বিমানবন্দরের বলাকা লাউঞ্জে খাবার খরচে ২০ শতাংশ, বিমান ভাড়ায় ১০ শতাংশ ছাড়, বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে ৩-৩.৫ শতাংশ প্রণোদনা সুবিধাসহ ১১টি সুবিধা রাখা হয়েছে এই কার্ডে।
প্রবাসী কার্ড সংক্রান্ত কমিটির সদস্যসচিব ও মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন ও অর্থ অনুবিভাগ) দেবজিৎ সিংহ জানান, প্রবাসী কার্ড দিয়ে ব্যাংকিং সুবিধাও পাওয়া যাবে। প্রথমে এটি ডেবিট কার্ড হিসেবে ব্যবহার করা যাবে। পরবর্তী সময়ে ক্রেডিট, প্রিপেইড ও ভার্চুয়াল কার্ড হিসেবে এটিকে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে । কার্ডটি আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের সঙ্গে যুক্ত থাকবে, ফলে প্রবাসীরা সহজেই দেশে বৈধভাবে রেমিট্যান্স পাঠাতে পারবেন। পাশাপাশি তারা রেমিট্যান্সে বাড়তি প্রণোদনাও পাবেন, যা তিন থেকে সাড়ে তিন শতাংশ পর্যন্ত বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া এর মাধ্যমে দেশে প্রবাসীদের সামাজিক সুরক্ষা লাভ হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথম পর্যায়ে জনতা ব্যাংকের মাধ্যমে প্রবাসী ডেবিট কার্ড ইস্যু করা হবে, যার মেয়াদ থাকবে পাঁচ বছর। তবে আগামী বছরের ৫ আগস্টের মধ্যে প্রবাসী কল্যাণ ব্যাংক এ কার্ডের দায়িত্ব নেবে।
প্রাথমিকভাবে তিন ধাপে দুই লাখ কার্ড বিতরণ করা হবে। উদ্বোধনের দিন পাঁচশসহ প্রথম ধাপে ৫,০০০ প্রবাসীকে কার্ড দেওয়া হবে। দ্বিতীয় ধাপে ডিসেম্বরের মধ্যে ৫০ হাজার এবং তৃতীয় ধাপে ২০২৭ সালের জুন মাসে বাকি দেড় লাখ প্রবাসীকে প্রবাসী কার্ড দেওয়া হবে। পর্যায়ক্রমে সব পর্যায়ের প্রবাসীকে এই কার্ডের সুবিধায় নিয়ে আসা হবে।
যেসব সুযোগ-সুবিধা থাকবে
প্রবাসী কার্ড ব্যাংকের পেমেন্ট গেটওয়ের সঙ্গে যুক্ত করে দেওয়ায় এতে ব্যাংকের বিভিন্ন সুবিধা পাওয়া যাবে। বিশেষ এই কার্ডে প্রবাসীরা নিজের অর্থ আরো নিরাপদ রাখতে পারবেন। চাইলে পরিবারের একজন সদস্যকে সম্পূরক (সাপ্লিমেন্টারি) কার্ডধারী করা যাবে। পাশাপাশি প্রবাসীর ব্যক্তিগত তথ্যও থাকবে এই কার্ডে।
এ কার্ডের মাধ্যমে প্রবাসীরা যেসব সুবিধা পাবেন সেগুলো হলো— আন্তর্জাতিক বিমানবন্দরে কমপ্লিমেন্টারি মিট অ্যান্ড গ্রিট সেবা; ‘কমপ্লিমেন্টারি এয়ারপোর্ট লাউঞ্জ’ ব্যবহার ও বিশেষ ইমিগ্রেশন বুথের মাধ্যমে দ্রুত সেবা; ১০০ টাকায় লাগেজ রেপিং সুবিধা ও বলাকা লাউঞ্জে খাবারের ক্ষেত্রে ২০ শতাংশ ছাড়; বাংলাদেশ বিমান টিকিটে ১০ শতাংশ ছাড় এবং হোটেল বুকিংয়ে ৪১ শতাংশ ছাড়; দেশ ও বিদেশে সাশ্রয়ী মূল্যে গাড়ি বুকিং এবং সিগনেচার কার্ডধারীদের জন্য বিমানবন্দর পিক-আপ ও ড্রপ-অফ সেবা; সরকারি হাসপাতালে প্রবাসীদের জন্য বিশেষ সেবা কাউন্টার এবং বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবায় ৭-১৫ শতাংশ ছাড়, ডায়াগনস্টিক সেন্টারে ২০ শতাংশ ছাড়; বিদেশে কার্ডধারীর মৃত্যু হলে লাশ বিনা খরচে দেশে আনা; বিদেশফেরত কর্মীদের জন্য পুনর্বাসন সহায়তা ও বিমা সুবিধা; জমি নিবন্ধন, নামজারি (মিউটেশন), ইউটিলিটি সংযোগ, লাইসেন্স ও বৈদেশিক বিনিয়োগ সংক্রান্ত কাজে অগ্রাধিকার; রেমিট্যান্স রিওয়ার্ড পয়েন্ট, ক্রেডিট স্কোরিং, ঋণ সুবিধা এবং সহজে আর্থিক লেনদেন; জাতীয় পরিচয়পত্র (এনআইডি), পাসপোর্ট, কনস্যুলার সেবা এবং অন্যান্য সরকারি ও ব্যাংকিং সেবায় অগ্রাধিকার এবং আইনি সেবায় সর্বোচ্চ অগ্রাধিকার।
কারা কীভাবে পাবেন এই কার্ড
যারা বৈধভাবে প্রবাসে যাবেন অথবা বিএমইটির মাধ্যমে ছাড়পত্র নিয়ে যারা কাজের ভিসায় বিদেশে যাবেন তারা এই কার্ড পাবেন। ছাড়পত্র পাওয়ার ক্ষেত্রে প্রবাসগামী ব্যক্তির দেওয়া ব্যক্তিগত তথ্য এই কার্ডে যুক্ত হবে। এতে আলাদা একটি সফটওয়্যার সিস্টেম থাকবে। যেখানে একটি অপশন ব্যবহার করে কার্ডের জন্য আবেদন করলে স্বয়ংক্রিয়ভাবে একটি অ্যাকাউন্ট তৈরি হবে। আবেদনকারীর নামে ২-৩ দিনের মধ্যে জনতা ব্যাংক কার্ড ইস্যু করবে। আবেদনে উল্লেখ থাকা ঠিকানা অনুযায়ী নিজ এলাকার জনতা ব্যাংকের শাখা অথবা যেসব এলাকায় শাখা নেই তারা নিজ এলাকার পোস্ট অফিসের ঠিকানা থেকে কার্ড সংগ্রহ করতে পারবেন।
এছাড়াও যারা প্রবাসে আছেন তারাও পরবর্তী সময়ে সংশ্লিষ্ট সফটওয়্যারে আবেদন করে কার্ড নিতে পারবেন। সে ক্ষেত্রে তাদের কল্যাণ বোর্ডের ফি প্রদান করতে হবে এবং সংশ্লিষ্ট দেশে কনস্যুলার অফিস থেকে কার্ড সংগ্রহ করা যাবে। পাশাপাশি প্রবাসে যারা ব্যবসা-বাণিজ্য করছেন, তারাও আবেদনসাপেক্ষে এই কার্ড পাবেন। তাদের ক্ষেত্রেও কল্যাণ বোর্ডের ফি প্রদান করতে হবে।
অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনীর আমার দেশকে বলেন, প্রবাসী কার্ডটা যে কয়েকটা ধাপে হচ্ছে এটা একটা ভালো উদ্যোগ। তবে প্রাথমিকভাবে ট্রায়াল হিসেবে নিতে হবে। ফিচারগুলো ঠিকমত কাজ করছে কি না; তা গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে।
এক্ষেত্রে প্রবাসী কর্মীদের মধ্যে কার্ড ব্যবহারের সচেতনতা তৈরি করতে হবে। কার্ডের ফিচারগুলোর ব্যাপারে প্রশিক্ষণ দিতে হবে। যদি কোনো সুপারিশ থাকে, তাহলে সেটিও যাচাই-বাছাই করে নেওয়া যেতে পারে। এতে কার্ডের বিষয়ে জনআস্থা তৈরি হবে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী আমার দেশকে বলেন, বিএনপি সরকারের ইশতেহার অনুযায়ী আমরা প্রবাসী কার্ডের কার্যক্রম শুরু করেছি। এই কার্ড ব্যবহারের মাধ্যমে প্রবাসীরা সম্মানিতবোধ করবেন বলে প্রত্যাশা করি। পাশাপশি আইন, ভূমি, চিকিৎসার ক্ষেত্রে নানা সুবিধাসহ বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহ দিতে সর্বোচ্চ সুবিধা রাখা হয়েছে।
তিনি বলেন, প্রবাসীদের দীর্ঘদিনের অভিযোগ দেশে ফিরলে বিমানবন্দরে তারা যথাযথ সম্মান ও সুবিধা থেকে বঞ্চিত হন। কিন্তু এই কার্ডের মাধ্যমে তারা সব সুবিধা পাবেন। সরকার প্রবাসীদের সর্বোচ্চ অগ্রাধিকার দিতে তাদের চিকিৎসাসেবা, হোটেল বুকিং ও বিমান ভাড়ায় ছাড়সহ নানা বিষয়ে সুবিধা দিতে এই উদ্যোগ হাতে নিয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


