ইয়েমেনে আবার হামলা হলে সৌদির আরো গভীরে তীব্র আঘাতের হুঁশিয়ারি হুথিদের

ইয়েমেনে আবার হামলা হলে সৌদির আরো গভীরে তীব্র আঘাতের হুঁশিয়ারি হুথিদের
হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া।

ইয়েমেনে নতুন করে হামলা চালালে সৌদি আরবের আরো গভীরে তীব্র হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে হুথি বিদ্রোহীরা।

বিজ্ঞাপন

রোববার এ কথা জানিয়েছেন গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। তিনি বলেন, সৌদি নতুন করে হামলা চালালে জবাব আরো বিস্তৃত ও তীব্র হবে। সৌদির গভীরে গুরুত্বপূর্ণ অবকাঠামোও হামলার লক্ষ্য হতে পারে।

ইয়াহিয়া সারি জানান, সৌদি আরবের দক্ষিণাঞ্চলের সারুরাহ ঘাঁটিতে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে।

তার দাবি, গত ৪৮ ঘণ্টায় সৌদি ইয়েমেনে প্রায় ১৩০ বার বিমান হামলা চালিয়েছে।

হুথি মুখপাত্র বলেন, সৌদি আবারও হামলা চালালে তাদের জবাবের তীব্রতা বাড়বে। এবার সৌদির আরো গভীরে অবস্থিত অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে।

গত সপ্তাহে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগরের তীরবর্তী বন্দরনগরী মোখা দখলের উদ্দেশ্যে অভিযান শুরু করে। তাদের ঠেকাতে সৌদি আরব বিমান হামলা চালায়। এর পরই সৌদির বিভিন্ন স্থাপনায় সরাসরি হামলা শুরু করে হুথিরা।

এর মধ্যে গত মঙ্গলবার সবচেয়ে তীব্র হামলা চালায় হুথিরা। দেশটির বিভিন্ন স্থানে ওই হামলায় ৭৩ জন বেসামরিক মানুষ আহত হন। ক্ষতিগ্রস্ত হয় কয়েকটি জ্বালানি অবকাঠামো।

এদিকে হুথিদের কাছে লোহিত সাগরের তীরবর্তী পূর্ব উপকূলের গুরুত্বপূর্ণ অঞ্চল হারানোর পর সেগুলো পুনর্দখলের প্রস্তুতি নিচ্ছে ইয়েমেনের সরকারি বাহিনী। দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সদস্য ও মারিব প্রদেশের গভর্নর সুলতান আল-আরাদা এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সরকারি বাহিনীর সেনাদের পুনর্গঠন করা হচ্ছে। শিগগিরই তারা যুদ্ধক্ষেত্রে ফিরে যাবে।

সরকারি টেলিভিশন চ্যানেল সাবাকে দেওয়া সাক্ষাৎকারে আল-আরাদা বলেন, পূর্ব উপকূলে হুথিদের কাছে তাদের পরাজয় ‘যন্ত্রণাদায়ক এবং দুর্ভাগ্যজনক’। তবে যুদ্ধে এ ধরনের ধাক্কা স্বাভাবিক বলেও মন্তব্য করেন তিনি।

আল-আরাদা অভিযোগ করেন, হুথিরাই শান্তি প্রক্রিয়া শেষ করে দিয়েছে। এখন তারা শান্তির পরিবর্তে ইয়েমেনে আবার যুদ্ধ ফিরিয়ে আনছে।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন