সপ্তাহান্তে হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ চলাচলের সংখ্যা কমে দৈনিক মাত্র পাঁচটিতে দাঁড়িয়েছে। সোমবার প্রকাশিত জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী, অব্যাহত হামলার আশঙ্কায় শিপিং অপারেটররা এখনো এই গুরুত্বপূর্ণ নৌপথ ব্যবহারে সতর্কতা অবলম্বন করছেন।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথে জাহাজ চলাচল এরই মধ্যে স্বাভাবিক সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে গেছে। যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত এবং বাণিজ্যিক জাহাজে হামলার হুমকির মধ্যে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, গত ২৫ আগস্ট হরমুজ প্রণালি অতিক্রম করেছিল মাত্র পাঁচটি পণ্যবাহী জাহাজ। অথচ এর আগের ১০ দিনের গড় ছিল প্রতিদিন ১৫টি।
তবে প্রকৃত জাহাজ চলাচলের সংখ্যা আরো বেশি হতে পারে। হামলা এড়াতে কিছু জাহাজ তাদের স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা (এআইএস) বন্ধ করে দিয়েছে। ফলে সেগুলোর গতিবিধি প্রকাশ্য জাহাজ চলাচলের তথ্যে ধরা পড়ছে না।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি। এই জলপথে জাহাজ চলাচল ব্যাহত হলে বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহে বড় ধরনের প্রভাব পড়তে পারে। একই সঙ্গে বিশ্ববাজারে জ্বালানির দাম ও অস্থিরতা আরো বাড়ার আশঙ্কা রয়েছে।
সাম্প্রতিক হামলা এবং যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা অব্যাহত থাকায় বাণিজ্যিক জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো ঝুঁকি কমাতে আরো সতর্ক অবস্থান নিয়েছে।
সূত্র: জিও নিউজ
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


