রাজশাহী দুর্গাপুরে নিখোঁজের ১৮ ঘণ্টা পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শিশু মুহিনের। ১১ সেপ্টেম্বর শুক্রবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার আমগাছি এলাকা থেকে নিখোঁজ হওয়ার পর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি পরিবারের সদস্যরা। একমাত্র সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন শিশুটির মা-বাবা ও স্বজনেরা।
নিখোঁজ মুহিন উপজেলার ঝালুকা ইউনিয়নের বর্ধ্বনপুর গ্রামের মোকলেস আলীর ছেলে। পরিবারের ভাষ্য, ১১ সেপ্টেম্বর শিশুটিকে তার নানাবাড়ি গৌরিহার গ্রাম থেকে একটি ব্যাটারিচালিত ভ্যানযোগে নিজেদের বাড়িতে পাঠানো হয়। ভ্যানচালক তাকে আমগাছি বাজারে পৌঁছে দেন। কিন্তু নিখোঁজ শিশু মুহিন আর বাড়িতে যায়নি। শিশুটির পরিবারের লোকজন বিভিন্ন আত্মীয়স্বজনের বাড়িসহ আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
পরিবারের সদস্যরা জানান, মুহিনের বয়স ১০ বছর। উচ্চতা ৩ ফিট ২ ইঞ্চি, মুখমন্ডল লম্বাটে, গায়ের রং শ্যামলা, মাথার চুল কালো মাঝারি, গায়ে হলুদ রঙের টিশার্ট ও পরনে ছিল জিন্স প্যান্ট। দুর্গাপুর উপজেলার আঞ্চলিক ভাষায় কথা বলে। দীর্ঘ সময় ধরে সন্তানের সন্ধান না পাওয়ায় উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটছে মা-বাবার।
শিশুটির বাবা মোকলেস বলেন, আমাদের একমাত্র সন্তানকে আমরা ফিরে পেতে চাই। কেউ যদি মুহিনের সন্ধান পেয়ে থাকেন, দয়া করে দ্রুত আমাদের জানান। তার সব আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ করেও সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় তিনি শনিবার দুর্গাপুর থানায় একটি জিডি করেন।
মুহিনের সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। শিশুটির ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়ে তাকে খুঁজে পেতে সহযোগিতার আহ্বান জানানো হচ্ছে।
কেউ মুহিনকে কোথাও দেখতে পেলে কিংবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পেলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। যোগাযোগের নম্বর—০১৫৯৫১২১৮৫৩।
এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজ মুহিনকে উদ্ধারে সংশ্লিষ্ট বিভিন্ন থানায় বিষয়টি অবহিত করা হয়েছে। তাকে দ্রুত উদ্ধারে পুলিশের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

