বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল চেয়ারম্যানের সঙ্গে মানারাত আইকিউএসি প্রতিনিধিদলের সাক্ষাৎ

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল চেয়ারম্যানের সঙ্গে মানারাত আইকিউএসি প্রতিনিধিদলের সাক্ষাৎ

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর পাঁচ সদস্যের প্রতিনিধিদল বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের নবনিযুক্ত চেয়ারম্যান প্রফেসর ড. মো. আখতার হোসেন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বিজ্ঞাপন

রোববার বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. এ বি এম মাহবুবুল ইসলাম।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ. এইচ. এম. আবু সাঈদ, আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক মো. মাহবুব আলম এবং ড. মোহাম্মাদ আবুল কালাম আজাদ।

সাক্ষাতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য প্রফেসর ড. আহমেদ আবদুল্লাহ জামাল, প্রফেসর ড. মো. শাহ এমরান, প্রফেসর ড. মো. ওয়াকিলুর রহমান এবং পরিচালক (অ্যাক্রেডিটেশন) প্রফেসর নাসির উদ্দীন আহাম্মেদ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে কাউন্সিলের চেয়ারম্যান ও সদস্যরা মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধিদলের সঙ্গে কুশলবিনিময় করেন। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম, গুণগত মান নিশ্চিতকরণ এবং অ্যাক্রেডিটেশনের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন।

মানারাত বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবস্থা, একাডেমিক কার্যক্রম, আইকিউএসি-এর বিভিন্ন উদ্যোগ এবং উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন ও অ্যাক্রেডিটেশন-সংক্রান্ত প্রস্তুতি সম্পর্কে কাউন্সিলের চেয়ারম্যান ও সদস্যদের অবহিত করেন।

প্রতিনিধিদলের বক্তব্য শোনার পর বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আখতার হোসেন খান মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে অ্যাক্রেডিটেশনের জন্য আবেদন করার আহ্বান জানান।

তিনি বলেন, অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও দিকনির্দেশনা দেওয়া হবে।

সাক্ষাৎকালে উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ, প্রাতিষ্ঠানিক উন্নয়ন এবং আন্তর্জাতিক মানদণ্ডে বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা বৃদ্ধির বিষয়ে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

সংশ্লিষ্টরা মনে করেন, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যানের সঙ্গে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইকিউএসি প্রতিনিধিদলের এ সাক্ষাৎ বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ অ্যাক্রেডিটেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন