কুলাউড়ায় ইট ভাঙার গাড়ি উল্টে ১ শ্রমিক নিহত ও তিনজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। নিহত শ্রমিকের নাম উসমান মিয়া (৩৫)।
ঘটনাটি ঘটেছে বুধবার বেলা ১টায় উপজেলার ভাটেরা ইউনিয়নে। এলাকা সূত্রে জানা গেছে, ফেঞ্চুগঞ্জ উপজেলার আশিঘর গ্রামের ৪ জন শ্রমিক ইট ভাঙার কাজে বুধবার ভোরে কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের খারপাড়া গ্রামে আসেন। কাজ শেষে শ্রমিকরা ওই দিন বেলা ১টায় ইট ভাঙার গাড়ি দিয়ে নিজ গ্রাম আশিঘরের উদ্দ্যেশ্য রওয়ানা দেন। এ সময় ভাটেরার খারপাড়া গ্রামের প্রবেশ মুখে ইট ভাঙার গাড়ির মাঝখানের এক্সেল ভেঙে উল্টে যায়। তখন শ্রমিক উসমান মিয়া গাড়ির নিচে পড়ে যান এবং তার মাথা থেঁতলে যায়।
তাকে মুমূর্ষু অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অন্য আরও তিনজন শ্রমিক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাটেরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ সাইদুল ইসলাম পাখি আমার দেশকে বলেন, নিহত উসমান মিয়া ইটভাঙ্গার শ্রমিকের কাজ করতেন, ইটের গাড়ি উল্টে তিনি নিহত হয়েছেন।
তার বাড়ি-ফেঞ্চুগঞ্জ উপজেলার আশিঘর গ্রামে। তার লাশ সিলেট ওসমানী হাসপাতালে রয়েছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-61046e.jpg)