খুলনায় আবারও ভোরে গুলি, যুবক গুলিবিদ্ধ

খুলনা ব্যুরো

খুলনায় আবারও ভোরে গুলি, যুবক গুলিবিদ্ধ
ছবি: আমার দেশ

খুলনায় আবারও ভোরে গুলির ঘটনা ঘটেছে। নগরীর দৌলতপুর থানার বিএল কলেজের দ্বিতীয় গেট এলাকায় মহিদুল ইসলাম (২২) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার ভোর ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে এ ঘটনা ঘটে। তার পেটের ডান পাশে গুলি লাগে। হাসপাতাল সূত্রে জানা গেছে, গুলি শরীর ভেদ করে পেছন দিয়ে বেরিয়ে গেছে।

গুরুতর আহত অবস্থায় সকাল পৌনে ৭টার দিকে মহিদুলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে হাসপাতালের সার্জারি বিভাগের ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

মহিদুল গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বনগাঁ গ্রামের শওকত খাঁর ছেলে। বর্তমানে তিনি নগরীর উত্তর কাশিপুর এলাকায় বসবাস করেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহিদুল একটি তেলের ডিপোতে গাড়ি পরিষ্কারের কাজ করেন। বুধবার ভোরে তিনি বিএল কলেজের দ্বিতীয় গেট এলাকার একটি হোটেলে নাশতা করতে যান। এর কিছুক্ষণ পর ৮ থেকে ১০ জন যুবক তাকে ঘিরে ধরে গুলি করে পালিয়ে যায় বলে স্থানীয়রা জানান।

দৌলতপুর থানার এসআই আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাসপাতালে চিকিৎসাধীন মহিদুলের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে জানার চেষ্টা চলছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা করা হচ্ছে।

মহিদুলের ভাই শহিদুল বলেন, তার ছোট ভাই বিএল কলেজের দ্বিতীয় গেট এলাকায় গুলিবিদ্ধ হয়েছে। তবে হামলার কারণ বা হামলাকারীদের বিষয়ে তিনি তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাতে পারেননি।

দৌলতপুর থানার ওসি মোরাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় মহিদুল একেক সময় একেক ধরনের কথা বলছে। যত দূর জানতে পেরেছি, সে খারাপ প্রকৃতির ছেলে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদককে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে।’

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন