বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে দলটির প্রার্থী জহির উদ্দিন স্বপন বলেছেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিহিংসার রাজনীতি দূর হবে। আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করবো। যারা নিয়মতান্ত্রিক ভাবে আমাদের বিরোধিতা করতে চায় তাদের জন্য গণতান্ত্রিক পরিবেশ তৈরি করে দেবো। যারা দেশপ্রেমিক তারা আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করবে।
রোববার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাকাই বাজারে নির্বাচনি পথসভায় তিনি এই মন্তব্য করেন।
এসময় জহির উদ্দিন স্বপন বলেন, যারা মুক্তিযুদ্ধের পক্ষের লোক, স্বাধীনতার পক্ষের লোক এবং ভবিষ্যতে গণতান্ত্রিক রাজনীতি করতে চায় সেই ধরনের নৌকার ভোটারদের জন্য এই নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়া ছাড়া কোনো উপায় নেই। তাই ধানের শীষের নেতাকর্মীদের কাজ হলো নিরীহ শান্ত নৌকার মার্কার ভোটারদেরকে সমাজিক ভাবে রাজনৈতিক ভাবে নিরাপত্তা দিয়ে কেন্দ্রে নিয়ে যেতে হবে। যারা ধানের শীষে ভোট দিয়েছে তারা ধানের শীষে ভোট দিবে, আর যারা কোনদিন ধানের শীষে ভোট দেয় নাই তাদেরকে ধানের শীষে ভোট দিতে উদ্বুদ্ধ করতে হবে।
তিনি বলেন, সাম্প্রদায়িক-সম্প্রীতির বাংলাদেশ তৈরি করার এই রাজনীতি নিয়ে এবারের নির্বাচনে একমাত্র ব্যালট হচ্ছে ধানের শীষ। এই বার্তা প্রতিটি অমুসলিম ভাই-বোনদের কাছে পৌঁছে দিতে হবে বিএনপি নেতাকর্মীদের। প্রতিটি অমুসলিম ভাই-বোনদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। তারেক রহমানের পক্ষ থেকে অমুসলিম ভাই-বোনদের নিরাপত্তার দায়িত্ব আমি নিচ্ছি আর আমার পক্ষ থেকে আপনাদের (নেতাকর্মী) উপর অর্পণ করছি। যদি কেউ অমুসলিম ভাই-বোনদের অধিকারে আঘাত করে আমরা তাদের চ্যালেঞ্চ করবো, তাদেরকে শাস্তি পেতে বাধ্য করবো।
এই কাজ করার জন্য ধানের শীষকে বিজয়ী করে সরকার গঠন করতে হবে। সেই জন্যই নিরীহ আওয়ামী লীগার যদি ভবিষ্যতে গণতান্ত্রিক রাজনীতি ফিরে পেতে চায়, অমুসলিম ভাই-বোনেরা যদি তার ধর্মী, রাজনৈতিক কিংবা সামাজিক অধিকারের নিরাপত্তা-নিশ্চয়তা চায় তাহলে এই নির্বাচনে তাদের একমাত্র মার্কা হবে ধানের শীষ।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরীন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবুল হোসেন মিয়া, জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম কাজল, পৌর বিএনপির সাবেক সভাপতি এসএম মনিরুজ্জামান উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু, জেলা উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইয়েদুল আলম সেন্টু প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

