মাদারীপুরের সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বালিয়া নওহাটা এলাকায় কথা কাটাকাটির জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত চার জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় নাসির হাওলাদারের স্ত্রী রুনি বেগমের সঙ্গে আইয়ুব আলী মাতুব্বরের মেয়ে সুমাইয়ার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি হাতাহাতিতে রূপ নেয়। পরে উভয় পক্ষের স্বজন ও সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে জড়ো হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে সংঘর্ষ বাধে।
সংঘর্ষ চলাকালে ১৫ থেকে ২০টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন নাসির হাওলাদার (৩৫), তার স্ত্রী রুনি বেগম, আইয়ুব আলী মাতুব্বরের মেয়ে সুমাইয়া এবং আরও এক ভ্যান চালক । আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

