জিয়ানগরে দুই শিক্ষকের এমপিও বাতিল, জাল সনদে চাকরি

উপজেলা প্রতিনিধি, জিয়ানগর (পিরোজপুর)

জিয়ানগরে দুই শিক্ষকের এমপিও বাতিল, জাল সনদে চাকরি

পিরোজপুরের জিয়ানগর উপজেলার বাটাজোড় আলীম মাদ্রাসার দুই শিক্ষকের বিরুদ্ধে জাল নিবন্ধন সনদ ও ভুয়া সুপারিশপত্রের মাধ্যমে চাকরি নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের এমপিও বাতিল করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। একই সঙ্গে তাদের ইনডেক্স নম্বর কর্তন এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অর্থ শাখা থেকে ৩০ জুন ২০২৬ তারিখে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

এমপিও বাতিল হওয়া দুই শিক্ষক হলেন, বাটাজোড় আলীম মাদ্রাসার এবতেদায়ী প্রধান শিক্ষক মো. আব্দুর রহমান এবং এবতেদায়ী শিক্ষক মো. মাসুম বিল্লাহ।

অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাতীয় শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট দুই শিক্ষকের নিবন্ধন সনদ ও সুপারিশপত্র জাল ও ভুয়া হিসেবে প্রমাণিত হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ অনুযায়ী গঠিত এমপিও বাছাই ও অনুমোদন কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে তাদের এমপিও বাতিল এবং ইনডেক্স নম্বর কর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর অভিযুক্ত শিক্ষকদের কাছ থেকে ইতোমধ্যে উত্তোলন করা বেতন-ভাতাসহ সরকারি অর্থ সরকারি কোষাগারে ফেরত জমা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করে প্রয়োজনীয় প্রমাণসহ অধিদপ্তরকে অবহিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে।

এ বিষয়ে বাটাজোড় আলীম মাদ্রাসার অধ্যক্ষ নাজমুস সাকিব বলেন, “দুই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে মন্ত্রণালয়ের চিঠি পেয়েছি। চিঠির নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে স্বচ্ছতা ও যোগ্যতা নিশ্চিত করতে এনটিআরসিএর নিবন্ধন পরীক্ষা ও সুপারিশের ভিত্তিতে নিয়োগ কার্যক্রম পরিচালিত হয়। তবে বিভিন্ন সময়ে জাল সনদ ও ভুয়া কাগজপত্র ব্যবহার করে নিয়োগ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এসব অনিয়মের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন