রাজশাহীর পুঠিয়া-তাহেরপুর সড়কে পাটবোঝাই একটি টলি গাড়ি উল্টে তার নিচে চাপা পড়ে মসারা গেলেন এক ব্যক্তি। শুক্রবার দুপুর পৌনে একটার দিকে ধোকড়াকুল আখ সেন্টারের কাছে এ দুর্ঘটনা ঘটে। পিছন থেকে আসা ধানবোঝাই একটি নসিমনের ধাক্কায় এই দুর্ঘটনা বলে অভিযোগ।
মৃতের নাম আয়েজ উদ্দিন মোল্লা (৫০)। তার বাড়ি বাগমারা উপজেলার রামরামা থান্দারপাড়া গ্রামে। তার বাবার নাম মৃত ফায়াজ মোল্লা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তাহেরপুর থেকে প্রায় ১০০ মণ পাট নিয়ে শ্যালো ইঞ্জিনচালিত টলি গাড়িতে করে নাটোরের দিকে যাচ্ছিলেন আয়েজ উদ্দিন ও গাড়ির চালক মো. শুভ। ধোকড়াকুল আখ সেন্টারের কাছে পিছন দিক থেকে আসা একটি ধানবোঝাই নসিমন তাদের গাড়িটিকে ধাক্কা দেয় বলে অভিযোগ। ধাক্কায় পাটবোঝাই গাড়িটি উল্টে গেলে তার নিচে চাপা পড়েন আয়েজ উদ্দিন।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, দুর্ঘটনার পর ধানবোঝাই নসিমনটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ।
দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালক মো. শুভ বলেন, ‘আমার পিছনে তিন-চারটি ট্রাক ছিল। সেগুলি সহজেই বেরিয়ে গিয়েছে। অথচ ধানবোঝাই নসিমনটি আমাদের গাড়িতে ধাক্কা দিয়ে উল্টে দেয়। গাড়ির নিচে চাপা পড়েই একজনের মৃত্যু হয়েছে।’
আয়েজ উদ্দিনের মৃত্যুর খবর পেয়ে তার পরিবারের সদস্যরা পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন। সেখানে স্বজনদের কান্নায় এক শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়।
দুর্ঘটনার বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, ‘ঘটনার বিস্তারিত এখনও জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তারা ফিরে এলে বিস্তারিত জানাতে পারব।’
এমএইট
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

