ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার
ছবি: আমার দেশ

ব্রাহ্মণবাড়িয়া শহরের পাওয়ার হাউস রোড এলাকা থেকে মোহাম্মদ আনিসুর রহমান (১৩) নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে ওই এলাকার একটি চারতলা ভবনের নিচতলার সিঁড়ির পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। এটি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

নিহত আনিসুর রহমান নবীনগর উপজেলার লক্ষ্মীপুর সাতঘরহাটি গ্রামের আলকাছ মিয়া ও জাহানারা বেগমের ছেলে। তারা বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া শহরের পাওয়ার হাউস রোডের ওই চারতলা ভবনের চতুর্থ তলায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। আনিসুর রহমান কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

বিজ্ঞাপন

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কয়েক মাস আগে আনিসুর রহমানের এক চাচা খুন হন। ওই হত্যা মামলায় আনিসুরের বাবা আলকাছ মিয়া আসামি হওয়ায় তারা পরিবার নিয়ে শহরে ভাড়া বাসায় বসবাস করছিলেন।

পরিবারের অভিযোগ, এ ঘটনার পেছনে আনিসুরের চাচাতো ভাইদের হাত থাকতে পারে। তবে পুলিশ বলছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম এম রকীব উর রেজা জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। ঘটনার তদন্ত চলছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন