জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ১১তম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন নিহত রনির মা পারভীন আক্তার।
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তার জবানবন্দি রেকর্ড করা হয়। এ মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস এবং সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ ২৮ জনকে আসামি করা হয়েছে।
জবানবন্দিতে ৪৭ বছর বয়সি পারভীন আক্তার জানান, তার ছেলে রনি পেশায় রিকশাচালক ছিলেন। ২০২৪ সালের ১৮ জুলাই রাত আনুমানিক ১১টা থেকে সাড়ে ১১টার দিকে রনি রিকশা নিয়ে বাসা থেকে বের হন। রাত ১টা থেকে দেড়টার দিকে এক প্রতিবেশী দরজায় কড়া নেড়ে জানান, রনির শরীরে সাত-আটটি গুলি লেগেছে। এ কথা বলতে গিয়ে ট্রাইব্যুনালে কান্নায় ভেঙে পড়েন তিনি।
পারভীন আক্তার তার জবানবন্দিতে উল্লেখ করেন, খবর পেয়ে বাসা থেকে বের হয়ে তিনি লোকজনের ভিড় দেখতে পান এবং সেখানে থাকা ব্যক্তিরা তাকে রনির গুলিবিদ্ধ হওয়ার ভিডিও দেখান। পরে তিনি তার শাশুড়ি ও ননদকে নিয়ে রিকশাযোগে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে একটি ট্রলিতে ছেলেকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।
হাসপাতালের পরিস্থিতির বর্ণনা দিয়ে সাক্ষী বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ময়নাতদন্তের কথা বলে। তবে কোনো ধরনের কাগজপত্র দিতে অস্বীকৃতি জানিয়ে লাশ নিয়ে যেতে বলে। পরে তার ভাতিজা সারোয়ার ও ননদের স্বামী হারুন রনির মরদেহ বাসায় নিয়ে আসেন এবং পরদিন দাফন সম্পন্ন করা হয়।
জবানবন্দির শেষ পর্যায়ে পারভীন আক্তার অভিযোগ করেন, জাহাঙ্গীর কবির নানক, ফজলে নূর তাপস, আসিফ, বিপ্লব, রাজীব, ইউনুস, রুবেল ও সাজ্জাদসহ আরও অনেকে মিলে তার ছেলেকে হত্যা করেছেন। তিনি এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি (ফাঁসি) দাবি করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



