প্রধান বিচারপতির বাসভবন

মোগল স্থাপত্যশৈলীর অনন্য মিশ্রণ

মোগল স্থাপত্যশৈলীর অনন্য মিশ্রণ
রাজধানীর রমনায় প্রধান বিচারপতির বাসভবন। ছবি: সংগৃহীত

রাজধানীর রমনা সবুজ ছায়াঘেরা উদ্যানের পাশেই সগৌরবে দাঁড়িয়ে আছে শ্বেতশুভ্র এক ঐতিহাসিক স্থাপনা। সময়ের পরিক্রমায় শতবর্ষ পেরোনো ভবনটি কেবল দেশের সর্বোচ্চ বিচার বিভাগের প্রধানের বাসভবনই নয়, বরং ঢাকার স্থাপত্য ইতিহাস ও প্রশাসনিক বিবর্তনের এক জীবন্ত সাক্ষী।

ভবনটির গোড়াপত্তন হয়েছিল ১৯০৫ সালের বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে। সে সময় ঢাকাকে নবগঠিত ‘পূর্ববঙ্গ ও আসাম’ প্রদেশের রাজধানী ঘোষণা করা হলে ব্রিটিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের বসবাসের জন্য রমনা এলাকায় বেশকিছু দৃষ্টিনন্দন ভবন নির্মাণ করা হয়। এরই ধারাবাহিকতায় ১৯০৮ সালে নির্মিত হয় বর্তমানের ১৯ হেয়ার রোডের এই ভবনটি। ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ হওয়ার পর বিভিন্ন সময়ে ভবনটি প্রশাসনিক ও আবাসিক নানা কাজে ব্যবহৃত হয়েছে।

বিজ্ঞাপন

শতবর্ষী এই স্থাপনাটির নির্মাণশৈলী যে কোনো স্থাপত্যপ্রেমীকে মুগ্ধ করে। এতে মোগল আমলের রাজকীয় খিলান ও নকশার সঙ্গে ইউরোপীয় রেনেসাঁ বা ধ্রুপদি স্থাপত্যরীতির স্তম্ভ, প্রশস্ত বারান্দা এবং উঁচু ছাদের এক অনবদ্য সংমিশ্রণ ঘটানো হয়েছে। ইন্দো-সারাসেনিক ঘরানার এই স্থাপত্যশৈলী তৎকালীন ঢাকার ঔপনিবেশিক নগর-পরিকল্পনার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

সদ্য সাবেক রেজিস্টার জেনারেল হাবিবুর রহমান সিদ্দিকী জানান, প্রধান বিচারপতির ডুপ্লেক্স বাসভবনটিতে ১৮২টি জানালা রয়েছে, যা এর নির্মাণশৈলীর অনন্য নিদর্শন। বাসভবনটির ভেতরেই একটি পূর্ণাঙ্গ সুসজ্জিত ব্যক্তিগত কার্যালয় বা অফিস কক্ষ রয়েছে। জরুরি মুহূর্তে বা ছুটির দিনে কোর্ট বন্ধ থাকলেও তিনি এখান থেকে অত্যন্ত সংবেদনশীল বা বিশেষ দাপ্তরিক ফাইল সই ও বিচারিক কাজ পরিচালনা করতে পারেন ।

এর ভেতরে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, আন্তর্জাতিক প্রতিনিধিদল কিংবা সুপ্রিম কোর্টের কর্মকর্তাদের সঙ্গে একান্ত বৈঠক বা সৌজন্য সাক্ষাতের জন্য ভবনটির ভেতরে বিশেষ আভিজাত্যপূর্ণ লাউঞ্জ ও সাক্ষাৎকার কক্ষের সুবিধা রয়েছে ।

শতবর্ষী এই ভবনের ভেতরে মোগল ও ইউরোপীয় ধ্রুপদি স্থাপত্যরীতির প্রাচীন রূপ ধরে রেখে চমৎকারভাবে আধুনিকীকরণ ও সংস্কার করা হয়েছে। এর ড্রয়িংরুম ও ডাইনিং স্পেসগুলো রাষ্ট্রীয় অতিথিদের আপ্যায়নের উপযুক্ত আভিজাত্যে সাজানো।

এছাড়া মূল ভবনের চারপাশ ঘিরে রয়েছে সুপরিসর মাঠ ও সবুজে ঘেরা চমৎকার বাগান। গাছপালায় ঘেরা এই প্রাকৃতিক পরিবেশ প্রধান বিচারপতির ব্যক্তিগত সময় কাটানো এবং নিভৃত চিন্তাভাবনার জন্য অত্যন্ত সহায়ক।

ইতিহাসের নানা বাঁক পেরিয়ে ১৯৫০-এর দশকের শুরু থেকে ভবনটি স্থায়ীভাবে তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রধান বিচারপতি এবং স্বাধীন বাংলাদেশে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সরকারি বাসভবন হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। দেশের বিচার বিভাগের অনেক গুরুত্বপূর্ণ স্মৃতি ও ঐতিহাসিক মুহূর্তের নীরব সাক্ষী হয়ে আছে এই আঙিনা।

সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে সংরক্ষণের উদ্যোগ

২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের সময় ভবনটিতে অনাকাঙ্ক্ষিত ক্ষয়ক্ষতি ও ভাঙচুরের ঘটনা ঘটে। এরপর ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এই স্থাপনাটির মৌলিক কাঠামো ও ঐতিহ্য স্থায়ীভাবে রক্ষার উদ্যোগ নেন দেশের ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। তার উদ্যোগে ‘পুরাকীর্তি আইন, ১৯৬৮’-এর বিধান অনুযায়ী ভবনটির মালিকানা ও ব্যবহারস্বত্ব বাংলাদেশ সুপ্রিম কোর্টের অনুকূলে অক্ষুণ্ণ রেখে এটিকে ‘সংরক্ষিত পুরাকীর্তি’ হিসেবে ঘোষণার কার্যক্রম শুরু করে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। সুপ্রিম কোর্ট প্রশাসন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সমন্বয়ে ইতিমধ্যেই এর কারিগরি ও প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে নেওয়া হয়েছে।

বাড়িটির বর্তমান অবস্থার বিষয়ে জানতে চাইলে প্রত্নতত্ত্ব অধিদপ্তরে ডিজি সাবিনা আলম জানান, তৎকালীন প্রধান বিচারপতির অনুরোধে আমরা পূর্ত মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টরা বাড়িটি ভিজিট করেছিলাম। পরে এ বিষয়ে কী অগ্রগতি হয়েছিল তা আর জানা যায়নি।

তবে অধিদপ্তরের ঢাকা ও ময়মনসিংহ বিভাগের আঞ্চলিক পরিচালক ড. নাহিদ সুলতানা জানান, বাড়িটির বিষয়ে একটি সার্ভে হয়েছিল। সে রিপোর্ট আমরা মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। এ বিষয়ে তিনি আর বিস্তারিত কিছু জানাননি।

ভবিষ্যৎ প্রজন্মের জন্য জাতীয় সম্পদ

স্থাপত্যবিদ ও ইতিহাসবিদদের মতে, দ্রুত নগরায়ণের এই যুগে ঢাকার ঐতিহ্যবাহী ভবনগুলো ক্রমেই হারিয়ে যাচ্ছে। এমন প্রেক্ষাপটে প্রধান বিচারপতির বাসভবনকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করা হলে তা একটি অমূল্য জাতীয় সম্পদ হিসেবে স্বীকৃতি পাবে। এর ফলে ভবনটির মূল নকশা ও স্থাপত্যিক সৌন্দর্য যেমন সুরক্ষিত থাকবে, তেমনি ভবিষ্যৎ প্রজন্মও এই স্থাপনার সমৃদ্ধ ইতিহাস সম্পর্কে জানার সুযোগ পাবে।

বাড়িটিকে প্রত্নতাত্বিক অধিদপ্তরের কাছে হস্তান্তরের বিষয়ে মূল উদ্যোক্তা সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এ বিষয়ে আমার দেশকে বলেন, ঐতিহাসিক স্থাপনাটি যথাযথ সংরক্ষণ জরুরি। তাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে সংরক্ষণের এ উদ্যোগটি নিয়েছিলাম।

বাড়িটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা পূর্ত ঢাকা রমনা-১ ডিভিশনের উপ-বিভাগীয় প্রকৌশলী অমিয় সাহা শুভ আমার দেশকে বলেন, বাড়িটি এখনো পর্যন্ত তারাই রক্ষণাবেক্ষণ করছেন। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে বাড়িটি হস্তান্তরের বিষয়টি এখনো তাদের কিছু জানানো হয়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন