গুম-খুনের মামলায় জিয়াউলের বিরুদ্ধে যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার করবে প্রসিকিউশন

গুম-খুনের মামলায় জিয়াউলের বিরুদ্ধে যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার করবে প্রসিকিউশন
সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে হাতকড়া পরিয়ে ট্রাইব্যুনালে আনা হয়। ছবি-সংগৃহীত

আওয়ামী লীগের দেড় দশকে দুঃশাসনের সময় শতাধিক মানুষকে গুম ও হত্যা মামলায় বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তিতর্ক লাইভ সম্প্রচার করবে প্রসিকিউশন। যুক্তিতর্কগুলো বিটিভি ও প্রসিকিউশনের পেইজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে। সোমবার বিষয়টি নিশ্চিত করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামীম।

বিজ্ঞাপন

তিনি আমার দেশকে বলেন, আমরা যে স্বচ্ছতার সঙ্গে বিচার কাজ পরিচালনা করছি, সেটা দেশবাসীর সামনে তুলে ধরতে এই উদ্যোগ। দেশের মানুষ জানুক জিয়াউল আহসান গত ১৫ বছরে কী কী অপরাধ সংঘটিত করেছেন। কত ভয়াবহ অপরাধের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, তা দেশের মানুষকে জানাতে চাই।

গত ২২ নভেম্বর জিয়াউলের সাফাই সাক্ষ্য উপস্থাপনের মধ্য দিয়ে এই মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। ওইদিন যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ২৪ নভেম্বর দিন ধার্য করা হয়। গত ১৯ নভেম্বর মামলায় ১৫তম সাক্ষী তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের জেরার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়।

এর আগে, ৮ অক্টোবর রফিকুল ইসলামের জবানবন্দি নেওয়া হয়। গত ৩০ সেপ্টেম্বর তদন্ত কর্মকর্তার সাক্ষ্য শুরু হয়। এ মামলায় সুনির্দিষ্ট তিনটি অভিযোগ এনেছে প্রসিকিউশন। প্রথমটি হলো ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুর সদর থানার পুবাইলে সড়কের পাশে জিয়াউলের সরাসরি উপস্থিতিতে সজলসহ তিন হত্যা।

দ্বিতীয় অভিযোগে অপরাধের সময়কাল হলো ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত। এ সময়টায় বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের চরদুয়ানী খালঘেঁষা বলেশ্বর নদীর মোহনায় নজরুল, মল্লিকসহ ৫০ জনকে হত্যা।

তৃতীয় অভিযোগেও ৫০ হত্যার অভিযোগ এনেছে প্রসিকিউশন। অর্থাৎ দ্বিতীয় অভিযোগে উল্লিখিত সময়ে বরগুনার বলেশ্বর নদী ও বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে তথাকথিত বনদস্যু দমনের আড়ালে মাসুদসহ ৫০ জনের প্রাণ নেওয়া।

এসব হত্যাকাণ্ডের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের ২৩ ডিসেম্বর জিয়াউলকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেয় ট্রাইব্যুনাল-১। ১৭ ডিসেম্বর তার বিরুদ্ধে তিনটি অভিযোগ আমলে নেওয়া হয়। একই দিন ফরমাল চার্জ দাখিল করে প্রসিকিউশন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...