বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর নিরাপত্তা

বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর নিরাপত্তা
অবৈধভাবে প্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার। ছবি: আমার দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী ও বিভিন্ন মামলার পলাতক আসামিদের ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ ঠেকাতে যশোরের বেনাপোল-পেট্রাপোল সীমান্তসহ সীমান্তজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি, মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বিজিবি সদস্য। পাশাপাশি দিন-রাত টহল, আধুনিক সার্চলাইট ব্যবহার এবং সন্দেহজনক চলাচলের ওপর বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে।

বিশেষ করে রাতের অন্ধকারে সীমান্তের ফাঁকফোকর দিয়ে যাতে কেউ অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে জন্য সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা। যেসব এলাকায় কাঁটাতারের বেড়া নেই, সেসব স্থানে টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্টগুলোতে রাতে সার্চলাইটের আলোয় চলছে নিবিড় পর্যবেক্ষণ।

বিজ্ঞাপন

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভারতের পেট্রাপোল সীমান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতার ঘোরাফেরার খবর ও গুঞ্জন ছড়িয়ে পড়ার পর বেনাপোল সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়। এরপর থেকে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন সীমান্ত এলাকায় অতিরিক্ত সদস্য মোতায়েন, টহল বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিশেষ নজরদারি শুরু হয়।

সীমান্ত এলাকায় সন্দেহজনক ব্যক্তিদের চলাচল, অবৈধ অনুপ্রবেশ, পুশইন, চোরাচালান ও মাদক পাচারসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যদের সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের রাতের বেলায় অপ্রয়োজনে সীমান্ত এলাকায় চলাচল না করার পরামর্শ দেওয়া হয়েছে।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম আলম সাইফুল আলম খান জানান, কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিভিন্ন মামলার পলাতক আসামিদের অবৈধভাবে দেশে প্রবেশের আশঙ্কার বিষয়টি বিজিবির নজরে রয়েছে। এ ধরনের ব্যক্তিরা যাতে কোনোভাবেই সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করতে না পারেন, সে জন্য আগে থেকেই নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা চালু ছিল। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় রোববার দুপুরের পর থেকে তা আরও জোরদার করা হয়েছে।

তিনি বলেন, সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। টহল কার্যক্রম বাড়ানোর পাশাপাশি সন্দেহজনক চলাচলের ওপর বিশেষ নজর রাখা হচ্ছে। দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে অবৈধ অনুপ্রবেশ কিংবা কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না।

সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের সহযোগিতা কামনা করে বিজিবির এই কর্মকর্তা বলেন, সীমান্তে কোনো অনিয়ম, অবৈধ অনুপ্রবেশ কিংবা সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে বিজিবিকে জানাতে হবে। সঠিক তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করলে সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা আরও সহজ হবে।

এদিকে, বিজিবির পাশাপাশি সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সচেতন বাসিন্দারাও রাতভর পাহারা দিচ্ছেন বলে জানা গেছে। সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় তাদের সতর্ক অবস্থান ও নজরদারি অব্যাহত রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সীমান্তে সার্চলাইট ব্যবহার, বিজিবির টহল বৃদ্ধি এবং অতিরিক্ত সদস্য মোতায়েনের ফলে তাদের মধ্যে নিরাপত্তা নিয়ে স্বস্তি তৈরি হয়েছে। বিশেষ করে রাতের অন্ধকারে অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মাদক ও চোরাচালানসহ সীমান্তকেন্দ্রিক অপরাধ প্রতিরোধে বিজিবির এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা করছেন।

শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন বলেন, দেশের সীমান্তের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে দেশে প্রবেশ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে । আমরা সীমান্তের নিরাপত্তা জোরদারে বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানাই।

তিনি আরও বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও মাদক কারবার প্রতিরোধে বিজিবিকে সর্বাত্মক সহযোগিতা করতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি। দেশের শান্তি, স্থিতিশীলতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সংশ্লিষ্টদের মতে, বেনাপোল-পেট্রাপোল সীমান্ত বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমান্ত ও স্থলবন্দর এলাকা। এ সীমান্ত দিয়ে বৈধ যাত্রী চলাচল এবং আমদানি-রপ্তানি বাণিজ্য পরিচালিত হওয়ায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি স্বাভাবিক বাণিজ্যিক কার্যক্রম সচল রাখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারির পাশাপাশি স্থানীয় জনগণের সচেতনতা ও সহযোগিতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...