চোটের দুঃসময় পেরিয়ে স্বপ্নের এক মৌসুম শেষ করলেন কার্লোস আলকারাজ। আলেকজান্ডার জভেরেভকে হারিয়ে প্রথমবারের মতো এটিপি ফাইনালসের শিরোপা জিতেছেন স্প্যানিশ তারকা। এই শিরোপা জয়ের মধ্য দিয়ে পুরুষ টেনিসে সবচেয়ে কম বয়সে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ পূর্ণ করার ইতিহাসও গড়েছেন তিনি।
রোমাঞ্চকর ফাইনালে জার্মান প্রতিপক্ষকে ৬-২, ৭-৬ (৯-৭) গেমে হারান ২৩ বছর বয়সি স্প্যানিশ তারকা। ম্যাচ পয়েন্ট জয়ের পর বাঁ ঊরুতে ভারী ব্যান্ডেজ বাঁধা অবস্থাতেই কোর্টে লুটিয়ে পড়েন তিনি। দীর্ঘদিনের অপেক্ষার অবসানে আবেগ সামলানো কঠিন হয়ে পড়ে তার।
ফাইনালের আগে চার ম্যাচে একবারও সার্ভিস হারাননি জভেরেভ। কিন্তু প্রথম সেটে ১৯টি আনফোর্সড এররের বিপরীতে মাত্র তিনটি উইনার মারেন তিনি। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়িয়ে টাইব্রেকারে তিনটি সেট পয়েন্ট পেলেও কাজে লাগাতে পারেননি। শেষ পর্যন্ত দুর্দান্ত ব্যাকহ্যান্ডে শিরোপা নিশ্চিত করেন আলকারাজ।
চারটি গ্র্যান্ড স্ল্যাম ও এটিপি ফাইনালস; এই পাঁচটি শিরোপা জয়ের কীর্তি পুরুষ টেনিসে এর আগে গড়েছেন মাত্র তিনজন। চতুর্থ খেলোয়াড় হিসেবে সেই তালিকায় নাম লেখালেন সাতবারের মেজরজয়ী আলকারাজ। সেই সঙ্গে সবচেয়ে কম বয়সে এই কীর্তি গড়ায় রেকর্ডটি এখন তার দখলে। আগেরজন ছিলেন রজার ফেদেরার। তখন তার বয়স ছিল ২৭ বছর ১০ মাস।
বছরের শুরুতে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ করেছিলেন আলকারাজ। এরপর কবজির চোট তাকে চার মাসের বেশি সময় কোর্টের বাইরে রাখে। আগস্টে ইউএস ওপেন দিয়ে ফেরার পর ৮৪ দিনের মধ্যে ২২ ম্যাচের ২১টিতেই জিতেছেন তিনি। জভেরেভের বিপক্ষে এটি তার টানা ১৪তম জয়, পাশাপাশি টানা তৃতীয় শিরোপা।
ম্যাচ শেষে আলকারাজ বলেন, ‘অনেক দিন ধরেই এই ট্রফিটার পেছনে ছুটছিলাম। নিজের ও দলের সঙ্গে কঠিন সময় পার করে এসেছি। এর চেয়ে ভালোভাবে সপ্তাহটা শেষ হতে পারত না।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

