মার্কিন বিশেষ দূতের সামনে রোহিঙ্গাদের প্ল্যাকার্ড, ‘নিজ দেশে ফিরতে চাই’

মার্কিন বিশেষ দূতের সামনে রোহিঙ্গাদের প্ল্যাকার্ড, ‘নিজ দেশে ফিরতে চাই’

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসা যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর-এর কাছে নিজ দেশ মিয়ানমারে নিরাপদে ফিরে যাওয়ার আকুতি জানিয়েছেন আশ্রিত রোহিঙ্গারা। লিফলেট ও প্ল্যাকার্ড হাতে তারা নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবি তুলে ধরেন।

বিজ্ঞাপন

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় সার্জিও গোরের গাড়িবহরের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রোহিঙ্গারা শান্তিপূর্ণভাবে বিভিন্ন প্ল্যাকার্ড ও লিফলেট প্রদর্শন করেন। এ সময় তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

উপস্থিত রোহিঙ্গা যুবক আহমদ উল্লাহ বলেন, “বছরের পর বছর ধরে ক্যাম্পে আমাদের অনিশ্চিত জীবন কাটাতে হচ্ছে। নাগরিক অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করে দ্রুত আমরা নিজ দেশে ফিরে যেতে চাই। আমরা আর শরণার্থী হয়ে জীবন কাটাতে চাই না।”

রোহিঙ্গা অধিকারকর্মীরা বলেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংস ঘটনাকে প্রথমবারের মতো ‘গণহত্যা’ হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছিল যুক্তরাষ্ট্র। এ অপরাধের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনতে যুক্তরাষ্ট্রের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে তারা উল্লেখ করেন।

ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গা (ইউসিআর)-এর সংগঠক মাস্টার সৈয়দ উল্লাহ বলেন, “আমরা বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ। তবে কোনো মানুষ চিরকাল নিজের দেশ ছেড়ে অন্যের আশ্রয়ে থাকতে চায় না। আন্তর্জাতিক সম্প্রদায়কে এখন কার্যকর পদক্ষেপ নিতে হবে, যাতে আমরা নিরাপদে আমাদের মাতৃভূমিতে ফিরতে পারি।”

তিনি আরও বলেন, “ভবিষ্যতে কোনো প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হলে সেখানে অবশ্যই রোহিঙ্গাদের পূর্ণ নাগরিকত্ব, সমঅধিকার, ন্যায়বিচার, নিরাপত্তা এবং আন্তর্জাতিক সুরক্ষার নিশ্চয়তা থাকতে হবে। পাশাপাশি এসব সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় রোহিঙ্গাদের অংশগ্রহণও নিশ্চিত করতে হবে।”

জানা গেছে, শুক্রবার দুপুর ১২টার দিকে সার্জিও গোরের নেতৃত্বাধীন ১১ সদস্যের যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে উখিয়ার উদ্দেশে রওনা হয়। দুপুর ১টার দিকে উখিয়ায় পৌঁছে সংক্ষিপ্ত মধ্যাহ্ন বিরতির পর প্রতিনিধি দলটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শুরু করে। প্রতিনিধি দলে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতও উপস্থিত ছিলেন।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতিনিধি দলটি উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) বিভিন্ন কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি ৮ ওয়েস্ট (৮ডব্লিউ) ও ৬ নম্বর ক্যাম্পও ঘুরে দেখেন। পরে তারা কক্সবাজারে আরআরআরসি কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এদিকে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ বলেন, মার্কিন বিশেষ দূতের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকে কেন্দ্র করে এপিবিএন পুলিশ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। সফর চলাকালে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক ছিল এবং রোহিঙ্গাদের কর্মসূচিও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, তিন দিনের সরকারি সফরে বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় পৌঁছান সার্জিও গোর। সফরের শেষ দিনে শনিবার (১ আগস্ট) তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে বাংলাদেশ সফর শেষ করবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন