নরসিংদীর সদর উপজেলার চরাঞ্চল আলোকবালীতে যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যায় বাখরনগর বাজারে এ ঘটনা ঘটে।
মৃত সুমন মিয়া (২৭) বাখরনগর গ্রামের আব্দুল বাতেন মিয়ার ছেলে।
স্বজনদের অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় সুমন মিয়া বাখরনগর বাজারে গেলে ১০-১৫ জনের একদল দুর্বৃত্ত আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তার গতিরোধ করে। পরে তাকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। তাকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে দাবি করলেও কারও নাম-ঠিকানা জানাননি তারা।
স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে আলোকবালী ইউনিয়নে স্থানীয় দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতি এ নিয়ে স্থানীয়ভাবে মীমাংসাও হয়। ধারণা করা হচ্ছে, ওই বিরোধের জেরেই তাকে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আশিকুর রহমান জানান, নিজেদের মধ্যে স্থানীয় বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তদন্তের পর বিস্তারিত জেনে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

