জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে সসম্মানে দায়িত্ব ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফি।
নেত্রকোণায় তার পৈতৃক বাড়িতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টার প্রতিবাদে শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে রাফি বলেন, আপনাকে তামাশা দেখার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়নি। জনগণের করের টাকায় আপনার বেতন হয়। যদি সেই জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন, তাহলে সসম্মানে দায়িত্ব ছেড়ে দিন। আপনার লজ্জা হওয়া উচিত।
ঘটনার ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে না পারায় তীব্র ক্ষোভ ও শঙ্কা প্রকাশ করেন রাফি। তিনি অভিযোগ করেন, হামলাকারীদের চিহ্নিত করে দেখিয়ে দেওয়ার পরও পুলিশের নীরবতা ও নিষ্ক্রিয়তা তাঁর পরিবারের নিরাপত্তাকে আরও ঝুঁকির মুখে ফেলেছে। এ সময় তিনি রাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন।
সংবাদ সম্মেলনে ঘটনার বিবরণ দিয়ে রাফি জানান, নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার জয়পুর গ্রামে তাঁদের বাড়িতে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত আনুমানিক ৩টার দিকে দুর্বৃত্তরা বিদ্যুতের মিটারের নিচে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। সে সময় ঘরে তাঁর বাবা-মা ঘুমিয়ে ছিলেন। পেট্রোলের গন্ধ ও আগুন দেখে পাশের বাড়ির এক চাচি চিৎকার শুরু করলে তাঁর বাবা-মায়ের ঘুম ভাঙে এবং প্রতিবেশীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসায় তাঁরা প্রাণে রক্ষা পান।
এ সময় তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, টাকার বিনিময়ে বা তদবির করে সন্ত্রাসীদের ছাড়িয়ে দেওয়ার ফলেই হামলার ঘটনা ঘটছে। তিনি সন্ত্রাসী এবং তাদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

