আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ব্রাহ্মণবাড়িয়ায় তিনশত বছরের ঐতিহ্যবাহী শুঁটকি মেলা

মফিজুর রহমান লিমন, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় তিনশত বছরের ঐতিহ্যবাহী শুঁটকি মেলা

বাংলা নববর্ষ উপলক্ষ্যে বৈশাখের দ্বিতীয় দিন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুলিকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজন করা হয়েছে ঐতিহ্যবাহী শুঁটকি মেলার। বুধবার মেলাটি শেষ হবে। দুইদিন ব্যাপী এই মেলায় স্থানীয় সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ব্যবসায়ীরা নানান ধরনের শুটকির পসরা সাজান। 

বিজ্ঞাপন

জনশ্রুতি রয়েছে মুঘল শাসন আমলে পণ্য বিনিময় প্রথার মাধ্যমে কুলিকুন্ডা গ্রামে এই মেলার শুরু হয়। যার ধারা অব্যাহত রয়েছে ৩শ বছরের বেশি সময় ধরে। তবে কালের আবর্তে মেলা শুরুর প্রথম এক ঘণ্টা পণ্য বিনিময়ের মাধ্যমে মেলা শুরু হয়। এরপর টাকার বিনিময়ে বিভিন্ন স্থান থেকে আগত ক্রেতারা তাদের পছন্দের শুঁটকি কিনে নিয়ে যান। দুই দিন ব্যাপী মেলাতে দেশীয় শুঁটকির পাশাপাশি সামুদ্রিক শুঁটকি পাওয়া যাচ্ছে। স্বাদে ও গুণে অনন্য হওয়ায় পছন্দের শুঁটকি কিনতে  ব্রাহ্মণবাড়িয়া ছাড়াও আশপাশের বিভিন্ন জেলা থেকে ক্রেতারা ভীড় করেন এই মেলায়।

মেলায় প্রতি কেজি নাইল্লা মাছের শুঁটকি বিক্রি হচ্ছে ৬০০ টাকা, বোয়াল ১৫০০ থেকে ১৮০০ টাকা,কাইক্কা ৭০০ থেকে ৮০০ টাকা, কাঁচকি শুঁটকি ৪৫০ থেকে ৫০০ টাকা, শোল ১৫০০ থেকে ১৮০০ টাকা এবং বাইম মাছের শুঁটকি কেনা-বেচা হচ্ছে প্রকার ভেদে ১৬০০ থেকে ১৮০০ টাকা। এছাড়া এ বছর সামুদ্রিক কিছু মাছের শুটকিও এনেছেন দোকানিরা।

মেলায় শুঁটকি কিনতে আসা কয়েকজন জানান,  মেলাটি প্রায় তিনশত বছর ধরে ঐতিহ্য বজায় রেখেছে। বাজারে শুটকিতে কেমিক্যাল থাকায় ভাল পড়ে না। শুঁটকি মেলায় হাওরাঞ্চলের দেশীয় নানা প্রজাতির মাছের শুঁটকি পাওয়া যায়। যার গুণগত মান ভাল।

বিক্রেতা জানান, শুটকির মান ভালো হওয়ায় তাদের বিক্রির চাহিদাও অনেক বেশী। দুই দিন ব্যাপী মেলার হাটে ইজারার জন্য কোন টাকা দিতে হয় না। সবাই পসরা সাজিয়ে বিক্রি করছেন।

তবে এ মেলায় শুধু শুটকিই নয়, গ্রামীণ-লোকজ নানা পণ্যের পসরাও সাজিয়েছেন দোকানিরা। শিশুদের জন্য রয়েছে মাটির তৈরি বিভিন্ন খেলনা সামগ্রী। রয়েছে হরেক স্বাদের বাহারী খাবারও।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: খাইরুল আলম বলেন, মেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ দায়িত্ব পালন করছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন