আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এত বছর পর ভোট দিতে আসলাম, তাও জালিয়াতি

চট্টগ্রাম ব্যুরো

এত বছর পর ভোট দিতে আসলাম, তাও জালিয়াতি

আমার ভোটটা আপনারা দিয়ে দিলেন? এত বছর পর ভোট দিতে আসলাম। তাও জালিয়াতি...কেন এমন হলো আমার সঙ্গে! আপনার কই ছিলেন? কে এটা করল?

এভাবেই চট্টগ্রাম-১০ আসনের রামপুর নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে ক্ষোভ ঝাড়ছিলেন কানিজ ফাতেমা নামে একজন নারী ভোটার। ভোট দিতে না পেরে প্রিসাইডিং অফিসারসহ পুলিশ কর্মকর্তার সামনে অভিযোগ করলেও কোনো লাভ হয়নি। পরে ওই নারীকে কেন্দ্র থেকে চলে যেতে দেখা যায়।

বিজ্ঞাপন

কানিজ ফাতেমা নগরীর চট্টগ্রাম-১০ আসনের ২৬ নম্বর রামপুরা ওয়ার্ডের ভোটার। গৃহস্থালি কাজ সেরে দুপুর ১টায় তিনি কেন্দ্রে আসেন ভোট দিতে। কিন্তু কেন্দ্রে আসার পর জানতে পারেন তার ভোট অন্য কেউ দিয়ে দিয়েছেন। দায়িত্বে থাকা ব্যক্তিরা তাকে জানান, আপনার ভোট হয়ে গেছে। কে দিয়েছে আমাদের জানা নেই। কিন্তু হয়ে গেছে। আপনি চলে যান।

তবে ওই নারীর অভিযোগ, তিনি ভোট দেননি। সকাল থেকেই বাড়িতে ছিলেন। ভেবেছেন একটু ভিড় কমলেই কেন্দ্রে যাবেন। কিন্তু সেই আশা ফিকে হলো তার। কেন্দ্রে পৌঁছার আগেই তার ভোটটি জালিয়াতি হয়ে যায়।

এ বিষয়ে ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মোস্তফা রেজা জানান, আমি স্বীকার করছি যে এটা জাল হয়েছে। কিন্তু কীভাবে হয়েছে জানা নেই। হয়তো সংশ্লিষ্ট পোলিং অফিসারের অবহেলা ছিল। আমি বিষয়টি খতিয়ে দেখছি। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কেউ অভিযোগ করেনি একজন ছাড়া।

এদিকে সকালে আলফা বেগম নামে আরো একজন নারী ভোট দিতে না পারার অভিযোগ করেন। তিনিও কেন্দ্রে এসে দেখতে পান তার ভোট হয়ে গেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন