গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ

গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ

ফেনীর ফুলগাজীতে গ্রামীণ ব্যাংকের একটি আঞ্চলিক কার্যালয় লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার নতুন মুন্সীরহাট এলাকার জগতপুর-আমজাদহাট সড়কের হাবুর টেক এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

গ্রামীণ ব্যাংকের ওই আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক সরোয়ার মোর্শেদ জানান, ঘটনার সময় তিনি ও ব্যাংকের আরও ছয়-সাতজন কর্মকর্তা-কর্মচারী কার্যালয়ের দ্বিতীয় তলায় ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বিকট শব্দে তাঁদের ঘুম ভেঙে যায়। এ সময় তাঁরা ‘ডাকাত, ডাকাত’ বলে চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

তিনি আরও জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাতভর সেখানে অবস্থান করে। পরে সকালে ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া ব্যাংকের আঞ্চলিক কার্যালয় পরিদর্শন করেন।

এ বিষয়ে ফুলগাজী থানার ওসি মো. শাহীন মিয়া বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন