বিয়ের দাওয়াত খেয়ে ক্যাম্পাসে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. জাহিদ হাসান। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্র ।
সোমবার বিকেল ৫টার দিকে টাঙ্গাইলের সাগরদীঘি এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদের বাড়ি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ভারই গ্রামে।
পারিবারিক ও ক্যাম্পাস সূত্রে জানা যায়, জাহিদ টাঙ্গাইলে একটি বিয়ের দাওয়াত শেষে বিশ্ববিদ্যালয়ে ফিরছিলেন। সাগরদীঘি নামক স্থানে তাকে বহনকারী সিএনজি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় জাহিদ সিএনজি অটোরিকশার সামনের সিটে বসা ছিলেন। সংঘর্ষের সময় তিনি বুকে প্রচণ্ড আঘাত পান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোশারফ হোসেন। উপাচার্যের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয় পরিবহন প্রশাসন থেকে জাহিদের জানাজায় অংশ নেওয়ার জন্য শিক্ষক-শিক্ষার্থীদের সুবিধার্থে একটি বিশেষ বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

