দিনাজপুর শহর জামায়াতের উদ্যোগে অগ্রসর কর্মীদের নিয়ে দিনব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শহরের একটি মিলনায়তনে এ শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়।
শিক্ষাশিবিরে দারসুল কুরআন পেশ করেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মো. শোয়াইবুর রহমান। তিনি পবিত্র কুরআনের আলোকে ব্যক্তি ও সমাজ গঠনে ইসলামী আদর্শের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য ও দিনাজপুর জেলা জামায়াতের সাবেক আমির মো. আনোয়ারুল ইসলাম। তিনি কর্মীদের আদর্শিক, সাংগঠনিক ও নৈতিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
ব্যক্তিগত রিপোর্ট সংরক্ষণ ও মানোন্নয়ন বিষয়ে আলোচনা করেন দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান। তিনি কর্মীদের নিয়মিত আত্মমূল্যায়ন, সাংগঠনিক দায়িত্বশীলতা এবং ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধির বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
দিনাজপুর শহর জামায়াতের আমির মো. সিরাজুল সালেহীনের সভাপতিত্বে এবং শহর জামায়াতের সেক্রেটারি কামরুল হাসান রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে গ্রুপভিত্তিক আলোচনা পরিচালনা করেন শহর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মো. তোজাম্মেল হক বকুল, মো. সোহেল রানা, শহর জামায়াতের কর্মপরিষদ সদস্য মোল্লা মো. তোয়াব আলী এবং পেশাজীবী ওয়ার্ডের আমির মো. তৌহিদুল ইসলাম।
আলোচনায় অংশগ্রহণকারী নেতারা সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে মতামত তুলে ধরেন।
শিক্ষাশিবিরের সমাপনী বক্তব্যে শহর জামায়াতের আমির মো. সিরাজুল সালেহীন সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কর্মীদের নিষ্ঠা, দায়িত্ববোধ ও আত্মত্যাগের মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান।
দিনাজপুর পৌরসভার ১২টি ওয়ার্ডের অর্ধশতাধিক অগ্রসর কর্মী শিক্ষাশিবিরে অংশগ্রহণ করেন। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

