জনগণের সঙ্গে দেওয়া ওয়াদা বাস্তবায়ন করুন: মাওলানা আব্দুল হালিম

উপজেলা প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী)

জনগণের সঙ্গে দেওয়া ওয়াদা বাস্তবায়ন করুন: মাওলানা আব্দুল হালিম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম বলেছেন, ভোটের আগে গণভোট নিয়ে জনগণকে যে ওয়াদা দেওয়া হয়েছিল, তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। অন্যথায় জনগণের রায় বাস্তবায়নের দাবিতে নতুন করে আন্দোলন গড়ে উঠতে পারে।

শুক্রবার বিকেলে নীলফামারীর সৈয়দপুরে জামায়াতে ইসলামী আয়োজিত দুই দিনব্যাপী কর্মী শিক্ষাশিবিরের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সৈয়দপুর শহর জামায়াতের আমির শরফুদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাওলানা আব্দুল হালিম বলেন, একই রাষ্ট্রপতির আদেশে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। এক আদেশে সরকার গঠন এবং অন্য আদেশে জনগণের ৭০ শতাংশ সংস্কারের পক্ষে রায়—এটি উপেক্ষা করা জনগণের সঙ্গে প্রতারণা ও অপমানের শামিল।

তিনি আরও বলেন, “জনগণের মতামত উপেক্ষা করার কারণে সরকার গঠনের অল্প সময়ের মধ্যেই মন্ত্রী-এমপিরা জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে।”

কর্মীদের উদ্দেশে তিনি বলেন, কোনো তথ্য পেলেই যাচাই ছাড়া প্রতিক্রিয়া জানানো যাবে না। বিভ্রান্তি ও অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে এবং সংগঠিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, অতীতে পর্দা ও দাড়ি-টুপি নিয়ে কটূক্তি করা হয়েছে, যা বন্ধ করতে হবে। জনগণের আকাঙ্ক্ষা উপেক্ষা করা হলে ভবিষ্যতে আরও বড় আন্দোলন গড়ে উঠতে পারে বলেও তিনি সতর্ক করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা জামায়াতের আমির ও নীলফামারী-১ আসনের সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা নায়েবে আমির ড. খায়রুল আনাম, জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও সৈয়দপুর উপজেলা জামায়াতের আমির হাফেজ আব্দুল মুনতাকিম এবং জেলা অফিস সম্পাদক আব্দুল কাদিম প্রমুখ।

সৈয়দপুর শহর সেক্রেটারি ওয়াজেদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির শফিকুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাযহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি আব্দুল মোমেন, রেজওয়ান হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...