নাটোরের লালপুরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় সাবেক দুই সংসদ সদস্যসহ বিভিন্ন পর্যায়ের ২৪৮ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৩৪০ থেকে ৪১০ জনকে আসামি করা হয়েছে। এদিকে, পৃথক দুটি মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর লালপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফুকে প্রধান আসামি করে ১০৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।
এর পরদিন ১৮ নভেম্বর একই আইনে আরও দুটি মামলা দায়ের হয়। এর মধ্যে একটি মামলায় সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলসহ ৯০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা আরও ১২০ থেকে ১৩০ জনকে আসামি করা হয়েছে। একই দিনে দায়ের করা অপর মামলায় সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদসহ ৪৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে।
এদিকে, এসব মামলার মধ্যে পৃথক দুটি মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নাটোর জেলা যুবলীগের সাবেক সদস্য, লালপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সক্রিয় সদস্য ও আড়বাব ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম ওরফে গোল্ডেন সাইফুল (৫০), গোপালপুর পৌর যুবলীগের সাবেক সক্রিয় সদস্য মো. আনোয়ারুল আজিম ওরফে বাপ্পি (৫১), উপজেলা যুবলীগের সক্রিয় সদস্য মো. শামীম আহমেদ (৫০) এবং একই সংগঠনের সক্রিয় সদস্য মো. ইব্রাহিম সরদার ওরফে শুকুর (৫৬)।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বালিতিতা রামকৃষ্ণপুর গ্রামের নিজ বাড়ি থেকে শামীম আহমেদকে এবং রাত সাড়ে ৯টার দিকে বালিতিতা মহেশপুর গ্রামের নিজ বাড়ি থেকে ইব্রাহিম সরদারকে গ্রেপ্তার করা হয়। তাঁদের ১৭ নভেম্বর দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
অন্যদিকে, রাত সাড়ে ৯টার দিকে গোপালপুর বাজারে নিজ বাড়ি থেকে আনোয়ারুল আজিম ওরফে বাপ্পিকে এবং রাত সাড়ে ১০টার দিকে ছোট বিলশলিয়া গ্রামের নিজ বাড়ি থেকে গোল্ডেন সাইফুলকে গ্রেপ্তার করা হয়। তাঁদের ১৮ নভেম্বর দায়ের করা অপর একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
লালপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তার চারজনকে শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

