নারায়ণগঞ্জের বন্দরে ব্যবসার পাওনা টাকা চাওয়ায় মাকসুদা বেগম (৭০) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। সোমবার রাতে উপজেলার মাহামুদপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাকসুদা ওই এলাকার মৃত নাজির সরদারের স্ত্রী।
জানা যায়, একই এলাকার তোখর আলীর ছেলে সাদ্দামের কাছে নিহতের ছেলে জজ মিয়ার পাওনা টাকা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
সোমবার রাত ৮টার দিকে মা মাকসুদা, তার ভাই রাসেলকে নিয়ে লোহা বিক্রির পাওনা ১০ লাখ টাকা সাদ্দামের কাছে চাইতে গেলে তাদের মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে সাদ্দাম ও তার লোকজন রাসেল, জজ মিয়া ও মাকসুদাকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করে। পরে তাদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মাকসুদাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত রাসেলের অবস্থার অবনতি হলে তাকেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বন্দর থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দিন জানান, পাওনা টাকা চাওয়ার দ্বন্দ্বে এ হত্যার ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

