আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রঙের আনন্দে মুখর শ্রীমঙ্গল, বর্ণাঢ্য আয়োজনে দোল উৎসব

উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

রঙের আনন্দে মুখর শ্রীমঙ্গল, বর্ণাঢ্য আয়োজনে দোল উৎসব

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দোলপূর্ণিমা উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে দোল উৎসব। এতে অংশ নেন হাজারো সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শুক্রবার (৬ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে শহরের সবুজবাগ এলাকায় ‘সবুজবাগ দোল পূজা উদযাপন পরিষদ’-এর আয়োজনে হাড়ি ভাঙার মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। আবির উৎসব বা রঙের খেলা হিসেবেও পরিচিত এই আয়োজনে দিনভর ছিল নানা ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচি।

বিজ্ঞাপন

দোল উৎসবে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী।

উৎসব উপলক্ষে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবুজবাগ এলাকায় ভক্ত ও দর্শনার্থীদের ঢল নামে। দিনব্যাপী কর্মসূচিতে ছিল নগর সংকীর্তন, ধামাইল, নাচ-গান, হোলি খেলা এবং ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা। ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে।

উৎসবে অংশ নিতে আসা রিতু ভৌমিক বলেন, সবুজবাগে প্রতিবছর বড় পরিসরে দোল উৎসব অনুষ্ঠিত হয়। এ দিন সবাই একত্রিত হয়ে রঙের আনন্দে মেতে ওঠেন এবং মিলেমিশে উৎসব উদযাপন করেন।

শ্রাবণী তালুকদার বলেন, দোলপূর্ণিমা উপলক্ষে প্রতিবছরই এখানে দোল উৎসবের আয়োজন করা হয়। ছুটির দিন হওয়ায় এ বছর শুক্রবারে আয়োজন করা হয়েছে। সবাই মিলে রঙ খেলছি, নাচ-গান আর আনন্দে সময় কাটাচ্ছি।

সবুজবাগ দোল পূজা উদযাপন পরিষদের প্রধান পৃষ্ঠপোষক পিয়াস দাশ বলেন, এ বছর ষষ্ঠবারের মতো এ আয়োজন অনুষ্ঠিত হয়েছে। দোল উৎসব মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় করে। সবার সহযোগিতা ও অংশগ্রহণে শান্তিপূর্ণ পরিবেশে উৎসবটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

তিনি আরো বলেন, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের আয়োজন আরও প্রাণবন্ত হয়ে উঠেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন