কক্সবাজারের দ্বীপ সেন্টমার্টিনে ৩ লাখ ১২ হাজার টাকা মূল্যের ১০ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ৯ জন মাদক পাচারকারিকে আটক করেছে কোস্টগার্ড। তাদের মধ্যে ৮ জন রোহিঙ্গা রয়েছেন, যারা বিভিন্ন রোহিঙ্গা আশ্রয় কেন্দ্রের বাসিন্দা। শনিবার বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাত ১টার দিকে কোস্ট গার্ডের সেন্টমার্টিন স্টেশন সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানকালে আভিযানিক দল একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দিলে সেটি সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আভিযানিক দল বোটটি ধাওয়া করে আটক করতে সক্ষম হয়।
তার মতে, আটক ওই বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩ লাখ ১২ হাজার টাকা মূল্যের ১০ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ওই সময় ৯ জন মাদক পাচারকারিকে আটক করা হয়। জব্দ করা আলামত ও আটক পাচারকারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থাগ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
অভিযানে আটক হওয়া ৯ মাদক পাচারকারি হলেন টেকনাফের থাইংখালী ৬নং রোহিঙ্গা ক্যাম্পের এ/৬ ব্লকের আবুল খালেকের ছেলে মো. তাহের (৬০), একই ব্লকের তাহেরের ছেলে তারেক আজিজ (২৩), শারুখ আজিজ (২৬) ও সোহানা আজিজ (১৪), টেকনাফের লেদা ২৪নং রোহিঙ্গা ক্যাম্পের জহির আহমদের ছেলে মো. হালিম (৩৬), থাইংখালী ক্যাম্পের মো. আমিনের ছেলে ওমর ফারুক (২৭), থাইংখালী ক্যাম্পের এ-৫ ব্লকের হামিদ হোসেনের ছেলে মো. সিদ্দিক (২২), থাইংখালী বি/৪ ব্লকের নুরু সালামের ছেলে আবদুল্লাহ (২৭) এবং টেকনাফ সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মুশকিলিয়া পাড়ার আবদুল বারীর ছেলে সিরাজ মিয়া (৫৫)।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত রাখবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

