সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় আট মাসেরও বেশি সময় ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) না থাকায় প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। এতে উপজেলার চার ইউনিয়নের লক্ষাধিক মানুষ সরকারি সেবা পেতে ভোগান্তির শিকার হচ্ছেন। বর্তমানে পার্শ্ববর্তী ধর্মপাশা উপজেলার ইউএনও জনি রায়ের কাঁধেই মধ্যনগরের ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি)-এর অতিরিক্ত দায়িত্বসহ তিনটি গুরুত্বপূর্ণ দায়িত্বের ভার।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ১৫ মার্চ তৎকালীন ইউএনও উজ্জ্বল রায় বদলিজনিত কারণে মধ্যনগর ছাড়েন। এরপর থেকে ইউএনও পদটি শূন্য রয়েছে। মধ্যনগর উপজেলায় এখনো সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড পদ সৃষ্টি না হওয়ায় ভূমি-সংক্রান্ত কার্যক্রম পরিচালিত হয় পার্শ্ববর্তী ধর্মপাশা উপজেলা থেকে। ফলে ১৫ মার্চ থেকে ২৩ জুলাই পর্যন্ত মধ্যনগরের ভারপ্রাপ্ত ইউএনওর দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ। পরে তিনিও বদলি হয়ে চলে গেলে মধ্যনগরের ইউএনও ও এসিল্যান্ডের অতিরিক্ত দায়িত্ব বর্তায় ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়ের ওপর। সেদিন থেকে একজন কর্মকর্তাকেই তিনটি গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের প্রধান কর্মকর্তার অনুপস্থিতিতে নাগরিক সনদ ও বিভিন্ন প্রত্যয়নপত্র প্রদান, উন্নয়ন প্রকল্পের অনুমোদন, আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভা, সরকারি কর্মসূচি তদারকি, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ বিভিন্ন কাজে স্বাভাবিক গতি নেই। অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় সেবা পেতে একাধিকবার উপজেলা সদরে এসেও কাজ না করেই ফিরে যেতে হচ্ছে সেবাপ্রত্যাশীদের। এতে সময় ও অর্থ দুটোই নষ্ট হচ্ছে।
চাপাইতি গ্রামের মানোয়ার হোসেন বলেন, মধ্যনগর একটি হাওরবেষ্টিত উপজেলা। বিভিন্ন গ্রাম থেকে উপজেলা সদরে আসা-যাওয়াতেই প্রায় সারা দিন কেটে যায়। অথচ ইউএনও না থাকায় অনেক সময় প্রয়োজনীয় সেবা না নিয়েই ফিরে যেতে হচ্ছে। এতে সাধারণ মানুষের অর্থ ও সময় নষ্ট হওয়ার পাশাপাশি ভোগান্তিও বাড়ছে।
ব্যবসায়ী সুমন তালুকদার বলেন, আমরা শুধু নামেই উপজেলা পেয়েছি। প্রায় সব কাজের জন্য এখনো ধর্মপাশায় যেতে হয়। আমাদের সঙ্গে একই সময়ে গঠিত অন্যান্য উপজেলার তুলনায় মধ্যনগরের উন্নয়ন ও প্রশাসনিক ব্যবস্থায় অনেক ব্যবধান রয়েছে। এখনো আমাদের উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের কাজও শুরু হয়নি। প্রত্যাশা অনুযায়ী আমাদের উপজেলার অগ্রগতি নেই বললেই চলে।
শিক্ষক মো. সম্রাট মিয়া বলেন, উপজেলা প্রশাসনের প্রধান কর্মকর্তা না থাকায় বিভিন্ন সরকারি কার্যক্রম ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সমন্বয়হীনতা তৈরি হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানের নানা প্রশাসনিক প্রয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতা ও সিদ্ধান্তের প্রয়োজন হয়। কিন্তু দীর্ঘদিন ধরে পূর্ণকালীন ইউএনও না থাকায় এসব কাজে প্রত্যাশিত গতি পাওয়া যাচ্ছে না। একটি নতুন উপজেলা হিসেবে মধ্যনগরের সার্বিক উন্নয়ন ও জনসেবা নিশ্চিত করতে দ্রুত একজন পূর্ণকালীন ইউএনও পদায়ন করা জরুরি।
মধ্যনগর প্রেসক্লাবের নির্বাহী সভাপতি আতিকুর রহমান ফারুকী বলেন, একটি উপজেলার প্রশাসনিক কার্যক্রম আট মাসেরও বেশি সময় ধরে অতিরিক্ত দায়িত্বে থাকা কর্মকর্তার ওপর নির্ভর করে চলা কোনোভাবেই স্বাভাবিক হতে পারে না। ইউএনও না থাকায় প্রশাসনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ, বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম ও সাধারণ মানুষের সেবা প্রাপ্তিতে জটিলতা তৈরি হচ্ছে।
মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াৎ বলেন, মধ্যনগরকে উপজেলা ঘোষণা করা হলেও দীর্ঘদিনেও এখানে পূর্ণাঙ্গ প্রশাসনিক কাঠামো গড়ে ওঠেনি। আট মাসের বেশি সময় ধরে ইউএনও না থাকায় সাধারণ মানুষকে নানা কাজে ভোগান্তি পোহাতে হচ্ছে। একজন কর্মকর্তার ওপর তিনটি গুরুত্বপূর্ণ দায়িত্ব চাপিয়ে রেখে একটি উপজেলার প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনা করা কঠিন। আমরা চাই, মধ্যনগরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে দ্রুত একজন পূর্ণকালীন ইউএনও নিয়োগ দেওয়া হোক। পাশাপাশি এসিল্যান্ড কার্যালয়সহ প্রয়োজনীয় সরকারি দপ্তরগুলো দ্রুত চালু করে উপজেলাবাসীর জন্য নিজ উপজেলাতেই সব ধরনের সরকারি সেবা নিশ্চিত করা হোক।
এ বিষয়ে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান বলেন, মধ্যনগরে নতুন ইউএনও পদায়নের বিষয়টি জেলা প্রশাসক স্যার বিভাগীয় কমিশনারকে জানিয়েছেন। সিলেট বিভাগে কর্মকর্তা যোগদান করলেই শিগগিরই মধ্যনগরে ইউএনও পদায়ন হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

