সুনামগঞ্জে দেশীয় ক্রীড়া উৎসব ‘কান্ট্রি গেমস ২০২৬’ ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর সুষ্ঠুভাবে আয়োজন ও উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন তুরস্কে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ড. মুহাম্মদ শাহানুর আলম।
সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুনামগঞ্জ সফরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা আয়োজনের বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় আরো জানানো হয়, আগামী ১২ ডিসেম্বর সুনামগঞ্জ স্টেডিয়ামে কান্ট্রি গেমস ২০২৬ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে। অনুষ্ঠানে সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর এম আহমেদ ও সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম। এছাড়া সুনামগঞ্জের গ্রামীণ ঐতিহ্যবাহী খেলা কুস্তি, লাঠিখেলা, মার্বেল খেলাসহ নানা রকম খেলার আয়োজন করা হবে। এসব খেলা উপভোগ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ড. মুহাম্মদ শাহানুর আলম বলেন, সুনামগঞ্জ হাওরাঞ্চলে অনেক ঐতিহ্যবাহী খেলা রয়েছে। যেগুলো পরিচর্যার অভাবে হারিয়ে যাচ্ছে। এসব হারিয়ে যাওয়া খেলাধুলাকে বিকশিত করা এবং জাতীয়করণ করা এখন সময়ের দাবি। আগামী ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান এ অঞ্চলের গ্রামীণ ঐতিহ্যবাহী খেলা উপভোগ করবেন। উক্ত খেলায় তুরস্কের রাষ্ট্রপতির ছেলেও সরাসরি উপস্থিত থেকে উপভোগ করার সম্ভাবনা রয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. জালাল উদ্দীন মোর্শেদ রুমি, অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক তাপস শীল, যুক্তরাজ্য বিএনপির সাবেক সহসভাপতি গোলাম রব্বানী সোহেল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আকবর আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

