চার ঘণ্টা পর ব্রাহ্মণবাড়িয়ায় রেল ও সড়ক অবরোধ প্রত্যাহার

চার ঘণ্টা পর ব্রাহ্মণবাড়িয়ায় রেল ও সড়ক অবরোধ প্রত্যাহার

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রামকে পার্শ্ববর্তী বরিশল ইউনিয়নে যুক্ত করার প্রতিবাদে সড়ক ও রেলপথ অবরোধ ৪ ঘণ্টা পর স্থগিত করা হয়েছে। জেলা বিএনপির আশ্বাসে রোববার বেলা সোয়া ১১টার দিকে তারা এই অবরোধ তুলে নেন। তবে আগামী তিন দিনের মধ্যে দাবি মানা না হলে আবারও অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসী।

বিজ্ঞাপন

খোঁজ নিয়ে জানা গেছে, সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম নিয়ে ‘বরিশল’ নামে একটি নতুন ইউনিয়ন পরিষদ গঠিত হয়েছে। জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়ার প্রস্তাবে নতুন এই ইউনিয়ন গঠিত হয়, যার নিজস্ব বাড়ি বরিশল গ্রামে। বরিশল গ্রামটিও পূর্বে বাসুদেব ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল। তবে বাসুদেব ইউনিয়ন থেকে চান্দি, কোড্ডা, শ্যামনগর, কোড়াবাড়ী, বৈষ্ণবপুর ও বরিশল গ্রামকে বিচ্ছিন্ন করে বরিশল ইউনিয়ন গঠনের প্রতিবাদে দীর্ঘদিন ধরে নানা আন্দোলন কর্মসূচি চালিয়ে আসছেন ওই সব গ্রামের বাসিন্দারা।

আন্দোলনে নেতৃত্ব দিয়েছে বাসুদেব ইউনিয়ন বিএনপির একাংশ। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রোববার সকাল সোয়া ৭টা থেকে কোড্ডা এলাকায় রেলপথ ও সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এর ফলে ওই রুটে ট্রেন ও যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

পরবর্তীতে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলে আন্দোলনকারীরা আগামী তিন দিনের জন্য অবরোধ স্থগিত ঘোষণা করেন।

এদিকে, চার ঘণ্টার এই রেলপথ অবরোধের কারণে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটগামী অন্তত সাতটি আন্তনগর ট্রেন বিভিন্ন রেলওয়ে স্টেশনে আটকা পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন দূরদূরান্তের সাধারণ যাত্রীরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...