দলবল নিয়ে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে ঢুকায় দুই ছাত্রদল নেতাকে শাস্তি

দলবল নিয়ে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে ঢুকায় দুই ছাত্রদল নেতাকে শাস্তি

দেশে চলমান এইচএসসি পরীক্ষার প্রথম দিন বিধি ভঙ্গ করে বিভিন্ন কেন্দ্রে প্রবেশের অভিযোগ পাওয়া গেছে ছাত্রদলের কয়েক নেতাকর্মীর বিরুদ্ধে। তাদের মধ্যে নাটোর ও নোয়াখালীতে ‍দুই নেতাকে জবাবদিহি ও শাস্তির আওতায় এনেছে সংগঠনটি। এসব ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

নাটোর ও বড়াইগ্রাম প্রতিনিধি জানান, নাটোরের বড়াইগ্রামে ছাত্রদল নেতার এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনের একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনা হয়। বৃহস্পতিবার উপজেলার বনপাড়া ডিগ্রি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। অভিযুক্ত নেতার নাম রাকিব সরদার। তিনি বনপাড়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।

বিজ্ঞাপন

জানা গেছে, বৃহস্পতিবার এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর ৪৮ ঘণ্টা আগে পরীক্ষা কেন্দ্রের একশ গজের মধ্যে সাধারণ মানুষের প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়। এরপরও কেউ কেন্দ্রের মধ্যে অনধিকার প্রবেশ করলে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। এমন আইনের তোয়াক্কা না করে বনপাড়া ডিগ্রি কলেজ কেন্দ্রে প্রবেশ করেন ছাত্রদল নেতা রাকিব।

অভিযুক্ত রাকিব বলেন, ‘আমি আমার চাচাতো বোনকে কেন্দ্রে পৌঁছে দিতে যাই। এ সময় তাকে আসন দেখিয়ে দিতে গেলে কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ছবি তুলে ছড়িয়ে দিয়েছে।

কেন্দ্রসচিব উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান বলেন, কেন্দ্রে খাতা দেওয়ার পর পরীক্ষার্থীরা ওএমআর শিট পূরণ করার সময় ওই ছাত্রদল নেতা কেন্দ্রে প্রবেশ করেন। এটি বিধিসম্মত নয়। পরে তাকে বের করে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস জানান, ১৪৪ ধারা অমান্য করে ছাত্রদল নেতা রাকিব কেন্দ্রে প্রবেশ করায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ওসিকে বলা হয়েছে।

বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারওয়ার হোসেন বলেন, এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে নোয়াখালীর সেনবাগে দলবল নিয়ে এইচএসসি পরীক্ষার কেন্দ্রে প্রবেশের ঘটনায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ সানাউল্লাহকে সাময়িকভাবে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। গতকাল শুক্রবার সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনা ও প্রচলিত নীতিমালা লঙ্ঘন করে মোহাম্মদ সানাউল্লাহ উচ্চমাধ্যমিক পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করেছেন। এই শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বহিষ্কারের এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

এর আগে এইচএসসি পরীক্ষা শুরুর দিন বৃহস্পতিবার পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে সমালোচনার ঝড় তোলেন সানাউল্লাহ। দলবলসহ তার কেন্দ্রে প্রবেশ এবং শিক্ষার্থীদের সঙ্গে ছবি তোলার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র নিন্দা ও প্রতিক্রিয়া জানায় বিভিন্নজন।

অভিযুক্ত সানাউল্লাহ সাংবাদিকদের বলেন, ‘আমার এলাকায় পরীক্ষা হচ্ছে, তাই শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। পরীক্ষা তখনও শুরু হয়নি। এরপর কেন্দ্র সচিব এসে আমাকে অনুরোধ করেন বের হয়ে যেতে, আমি তখনই চলে আসি।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন