লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার
ছবি: সংগৃহীত।

লেবাননের পূর্বাঞ্চলে সিরীয় শরণার্থীদের একটি শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭৫টি পরিবার গৃহহীন হয়ে পড়েছে। রোববার তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

আনাদোলুর এক সংবাদদাতার বরাতে বলা হয়েছে, বেকা উপত্যকার জাহলে জেলার বার ইলিয়াস শহরে অবস্থিত ওই শিবিরে প্রায় ৪৮৬ জন বসবাস করতেন।

তবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে বিভিন্ন সূত্রে ভিন্ন তথ্য পাওয়া গেছে। আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, আগুনে শিবিরের ৫৯টি তাবুই পুড়ে গেছে। এতে কেউ আহত হননি।

অন্যদিকে, লেবাননের জাতীয় সংবাদ সংস্থা এনএনএ দেশটির বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তরের বরাতে জানিয়েছে, আগুনে ৩০টি তাবু ও একটি গাড়ি পুড়ে গেছে। ধোঁয়ায় অসুস্থ হয়ে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তরের বিবৃতিতে বলা হয়, সাদা সড়কের পাশে অবস্থিত শিবিরটিতে কয়েকটি ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। ধোঁয়ায় আক্রান্ত ব্যক্তিকে অ্যাম্বুলেন্সে করে বার ইলিয়াসের আল-নাসরা হাসপাতালে নেওয়া হয়।

২০১১ সালে প্রতিবেশী সিরিয়ায় যুদ্ধ শুরুর পর থেকে বিপুলসংখ্যক বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থল হয়ে উঠেছে লেবানন। দেশটিতে শরণার্থীদের জীবনযাত্রার সংকটের মধ্যে নতুন করে এ অগ্নিকাণ্ড পরিস্থিতিকে আরো কঠিন করে তুলেছে।

লেবাননের কর্তৃপক্ষের গত জানুয়ারির হিসাব অনুযায়ী, দেশটিতে প্রায় ১৫ লাখ সিরীয় শরণার্থী বসবাস করছিলেন। তাদের মধ্যে প্রায় ৮ লাখ ৮০ হাজার জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরে নিবন্ধিত।

এদিকে, সিরীয় শরণার্থীদের নিজ দেশে প্রত্যাবাসন সহজ করতে উদ্যোগ নিয়েছে লেবানন সরকার। ২০২৫ সালের জুনে স্বেচ্ছায় প্রত্যাবাসন কর্মসূচি চালু করা হয়।

ইউএনএইচসিআরের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের শেষ নাগাদ লেবানন থেকে পাঁচ লাখের বেশি সিরীয় শরণার্থী দেশে ফিরেছেন বা ফিরেছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের মধ্যে প্রায় ২ লাখ ৪০ হাজার ৩০০ জনের প্রত্যাবর্তন স্বেচ্ছামূলক হিসেবে নিশ্চিত করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...