টানা বৃষ্টি ও ভারতের পাহাড়ি ঢলে ফেনীর মুহুরি নদীর বাঁধ ভেঙ্গে ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন এলাকায় পানি ঢুকতে শুরু করেছে। এরই মধ্যে উপজেলার নিম্নাঞ্চল তলিয়ে গেছে।
বুধবার রাত ১০ পর্যন্ত উপজেলার মহামায়া ইউনিয়নের এলনা পাথর, পশ্চিম দেবপুর, মাটিয়াগোধা ও উত্তর সতর গ্রাম, ছাগলনাইয়া পৌরসভার দক্ষিণ সতর, বাঁশপাড়া, উত্তর পানুয়া, রাধানগর ইউনিয়নের নিজপানুয়া, কাশিপুর, লক্ষ্মীপুর ও নিচিন্তা গ্রামের নীচু এলাকা পানিতে তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। বন্যার পানিতে এসব এলাকার রাস্তা-ঘাট, ক্ষেত-খামার, পুকুর ডুবে গেছে। অনেক ঘরবাড়িতেও ঢুকেছে পানি।
এদিকে রাস্তা তলিয়ে যাওয়ায় কিছু কিছু এলাকায় সড়ক পথের যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
ছাগলনাইয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এনামুল হক জানান, এরই মধ্যে ৮টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় নগদ অর্থ ও শুকনো খাবারসহ সকল প্রকার প্রস্তুতি চলছে।
মহামায়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, সরেজমিনে গিয়ে তিনি নিজে উত্তর সতর নদীরকূল এলাকার মানুষকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য অনুরোধ করেছেন।
এছাড়া স্থানীয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারির খবর জানিয়ে রাতে বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

