বরিশালের উজিরপুরে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শিক্ষার্থীদের আইন মেনে চলা, পড়াশোনায় মনোযোগী হওয়া এবং সামাজিক অপরাধ প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম।
বৃহস্পতিবার উপজেলার বামরাইল ইউনিয়নের পূর্ব ধামসর এলাকার ঐতিহ্যবাহী সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।
বিদ্যালয়ের আহ্বায়ক কমিটির সভাপতি সরদার সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তারিক মোহাম্মদ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পূর্ব ধামসর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মাহফুজুর রহমান মাসুম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোজী ফেরদৌসী এবং সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দেবাশীষ চন্দ্র দাস।
প্রধান অতিথির বক্তব্যে ওসি রকিবুল ইসলাম বলেন, পুলিশ জনগণের বন্ধু। ইভটিজিং, বাল্যবিবাহ বা যেকোনো অপরাধের শিকার হলে কিংবা এ ধরনের ঘটনার তথ্য জানা থাকলে দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে জানাতে হবে। পুলিশ তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেবে।
তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কোথাও মাদকসংক্রান্ত কোনো তথ্য বা আলামত পাওয়া গেলে তা গোপন না রেখে পুলিশকে জানাতে হবে। শিক্ষার্থীদের এখন পড়াশোনার সময়, তাই নিজেদের ভবিষ্যৎ গড়তে মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে এবং সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে সচেতন থাকতে হবে।
সভায় বক্তারা বলেন, প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা অর্জন করতে হবে। অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের আসক্তি থেকে বেরিয়ে এসে শিক্ষার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান তারা।
তারা আরও বলেন, ভালো ফলাফল ও সুশিক্ষাই একজন শিক্ষার্থীকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে। তাই মাদক, ইভটিজিং ও অন্যান্য সামাজিক অপরাধকে সম্মিলিতভাবে প্রতিরোধ করতে হবে।।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

